ল্যাম্বরগিনিকাণ্ডে অভিযুক্ত শিবম মিশ্র। ছবি: সংগৃহীত।
কানপুরের রাস্তায় তাঁর বেপরোয়া ল্যাম্বরগিনির ধাক্কা দিয়েছে একের পর এক পথচারীকে। আহত হয়েছেন ছ’জন। ক্ষতিগ্রস্ত হয়েছে দু’চাকা। তামাক ব্যবসায়ী কেকে মিশ্রের পুত্র শিবমের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। তবে এই প্রথম নয়, পিতা-পুত্র এর আগেও শিরোনামে এসেছিলেন। তাঁদের দফতর, বাড়িতে হানা দিয়ে রীতিমতো বিস্মিত হয়েছিলেন আয়কর দফতরের কর্তারা। প্রকাশ্যে এসেছিল শিবমের বিলাসবহুল জীবনযাপন।
শিবমের বাবা বংশীধর টোবাকো প্রাইভেট লিমিটেডের মালিক। দেশের নামী পানমশলা সংস্থাগুলিকে তামাক সরবরাহ করে শিবমদের সংস্থা। ২০২৪ সালে এই সংস্থার দফতর, কর্তাদের বাড়ি মিলিয়ে ২০টি জায়গায় তল্লাশি চালিয়েছিল আয়কর দফতরের আধিকারিকদের ২০টি দল। দিল্লি, কানপুর, মুম্বই, গুজরাত মিলিয়ে চলেছিল অভিযান। আয়কর দফতরের রিপোর্ট সূত্রে জানা গিয়েছিল, সংস্থা তাদের বার্ষিক আয় ২০ থেকে ২৫ কোটি টাকা বলে ঘোষণা করেছিল। যদিও অনুসন্ধান করে দেখা গিয়েছিল সংস্থার বার্ষিক আয়ের পরিমাণ প্রায় ১০০ থেকে ১৫০ কোটি টাকা। সংস্থার বিরুদ্ধে আয়কর এবং জিএসটি আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। তদন্তকারীদের সন্দেহ ছিল, বিদেশে বিভিন্ন অ্যাকাউন্টে কালো টাকা রয়েছে মিশ্রদের।
দিল্লির বসন্ত বিহারে শিবমের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর। তাঁর গ্যারাজে মিলেছিল প্রায় ৫০ কোটি টাকার গাড়ি। তালিকায় ছিল পোর্শে, ১৬ কোটি টাকার রোলস-রয়েস ফ্যান্টম, ম্যাকলারেন, ল্যাম্বরগিনি রেভুয়েল্টো। সব ক’টি গাড়ির নম্বর ছিল এক— ৪০১৮। শিবমের বেশ কিছু গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় মিশ্রদের বাড়ি, দফতরে হানা দিয়ে ৪.৫ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করেছিল। মোট ৭ কোটি টাকা মূল্যের নগদ, গয়না, দামি জিনিসপত্র বাজেয়াপ্ত করেন আধিকারিকেরা। শিবমের একাধিক দামি ঘড়িও ছিল বাজেয়াপ্ত জিনিসের তালিকায়। তার মধ্যে একটির দাম ছিল ২.৫ কোটি টাকা।
রবিবার দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ কানপুরের রেভ-৩ শপিং মলের সামনে ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জনবহুল রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি ছোটাচ্ছিলেন চালক। সেই সময়ে প্রথমে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাইকে ধাক্কা মারে ল্যাম্বরগিনিটি। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে বাইকআরোহী প্রায় ১০ ফুট দূরে গিয়ে ছিটকে পড়েন। বাইকে ধাক্কা মারার পরে সেটিকে ঘষতে ঘষতে বেশ কিছু দূর নিয়ে যায় গাড়িটি। শেষে রাস্তার ধারে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে থেমে যায় সেটি। ওই গাড়ির পিছনে অন্য একটি গাড়িতে ছিলেন শিবমের দেহরক্ষীরা। তাঁরা ছুটে এসে শিবমকে ঘটনাস্থল থেকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বাধা দেন লোকজন। ল্যাম্বরগিনির কাচ ভেঙে শিবমকে টেনে বার করার চেষ্টা করেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিবম এবং বাকি আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়। গাড়িটি তুলে থানায় নিয়ে যায়।