Bus Caught Fire

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে অগ্নিকাণ্ড! ট্রেলারের সঙ্গে ধাক্কার পরই ধরে যায় আগুন, মৃত ৭, আহত কমপক্ষে ২২

পুলিশ জানিয়েছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে বেশির ভাগই মহিলা এবং শিশু। জানা গিয়েছে, বাসটি উত্তরাখণ্ডের হৃষীকেশ থেকে মধ্যপ্রদেশের ইনদওরে যাচ্ছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ০৮:৩১
অগ্নিদগ্ধ সেই বাস। ছবি: সংগৃহীত।

অগ্নিদগ্ধ সেই বাস। ছবি: সংগৃহীত।

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনার কবলে পড়ে দূরপাল্লার যাত্রীবোঝাই একটি বাস। রাজস্থানের দৌসার কাছে রাত ২টো ৩০ মিনিটে একটি ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রেলার এবং বাসে আগুন ধরে যায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে সাত জনের। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আহতের সংখ্যা কমপক্ষে ২২। পুলিশ সূত্রে খবর, বাসে ৩৭ জন যাত্রী ছিলেন।

Advertisement

জানা গিয়েছে, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারটিকে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, বাসটি এসি স্লিপার কোচ হওয়ায় আগুন দ্রুত ছড়ায়। আপার বার্থে যাঁরা শুয়েছিলেন, তাঁদের মধ্যে পাঁচ জনের ঝলসে মৃত্যু হয়েছে। মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে আরও দুই যাত্রীর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেলারের সঙ্গে ধাক্কা লাগার পরই বাসে আগুন ধরে যায়। যাত্রীরা বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন। স্থানীয়েরাই যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন। অধিকাংশ যাত্রীকে উদ্ধার করা গেলেও আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে, বাসের ভিতরেই আটকে পড়েছিলেন কয়েক জন যাত্রী।

পুলিশ জানিয়েছে, খবর পেয়েই ঘটনাস্থলে দমকল গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে বেশির ভাগই মহিলা এবং শিশু। জানা গিয়েছে, বাসটি উত্তরাখণ্ডের হৃষীকেশ থেকে মধ্যপ্রদেশের ইনদওরে যাচ্ছিল। রাজস্থানের দৌসার কাছে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। স্থানীয়দের দাবি, বাসের পিছনের অংশে বিপুল পরিমাণ সিগারেটের প্যাকেট মজুত করা ছিল। তার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

Advertisement
আরও পড়ুন