Pahalgaon Terrorist Attack

‘কিছু সীমা কখনওই লঙ্ঘন করা উচিত নয়, পরিণতি হয় ভয়ানক’! পহেলগাঁওকাণ্ড নিয়ে পাকিস্তানকে ফের স্মরণ করাল ভারতীয় সেনা

বুধবার এই হামলার এক বছর হবে। তার আগে সেনার তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে বলা হয়, ‘‘যখন মানবতার সীমা লঙ্ঘন করা হয়, তার পরিণতি হয় ভয়ানক।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১০:৪৮
পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকা। এখানেই জঙ্গি হামলা হয়েছিল ২০২৫ সালের ২২ এপ্রিল। ফাইল চিত্র।

পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকা। এখানেই জঙ্গি হামলা হয়েছিল ২০২৫ সালের ২২ এপ্রিল। ফাইল চিত্র।

কিছু সীমা কখনওই নয় লঙ্ঘন করা উচিত নয়। তার পরিণতি হতে পারে ভয়ানক। ২০২৫ সালে ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় আরও এক বার পাকিস্তানকে স্মরণ করিয়ে দিল ভারতীয় সেনা। বুধবার এই হামলার এক বছর হবে। তার আগে সেনার তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে বলা হয়, ‘‘যখন মানবতার সীমা লঙ্ঘন করা হয়, তার পরিণতি হয় ভয়ানক। তাই কিছু সীমা কখনওই লঙ্ঘন করা উচিত নয়। বিচার অবশ্যই পাওয়া যায়।’’

Advertisement

ওই পোস্টের সঙ্গে একটি ছবি পোস্ট করা হয়েছে অনেকটা অপারেশন সিঁদুর-এর ছবির আদলে। সেই ছবিতে রয়েছে ভারতের মানচিত্র। তার উপরে লেখা, ‘‘কিছু সীমা লঙ্ঘন করা উচিত নয়।’’ তার ঠিক নীচেই লেখা, ‘‘ভারত কখনও ভুলবে না।’’ ওই ছবি দিয়ে পহেলগাঁও হামলার জবাব অপারেশন সিঁদুরের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, এই ঘটনা যে গোটা ভারত কখনও ভুলবে না, তা-ও উল্লেখ করা হয়েছে।

সূত্রের খবর, পহেলগাঁওয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। জম্মু-কাশ্মীরের পর্যটনস্থলগুলিতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নিরাপত্তাবাহিনী এবং পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি কেমন, তা খতিয়ে দেখতে প্রশাসন, পুলিশ এবং সেনার শীর্ষকর্তাদের বৈঠক হয়েছে। প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পর থেকে জম্মু-কাশ্মীরে পর্যটন ব্যবসা অনেকটাই পড়ে যায়। যদিও প্রশাসন, পুলিশের আশ্বাসে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পর্যটকদের আনাগোনা শুরু হয় পহেলগাঁওয়ে। কিন্তু এক বছর আগের সেই হামলার স্মৃতি এখনও বহন করে চলেছে পহেলগাঁও। সেই ঘটনার পর ৫০টি পর্যটনস্থল বন্ধ হয়ে গিয়েছিল। নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার পর আবার পর্যটকদের জন্য তা খুলে দেওয়া হয়। তবে পহেলগাঁওয়ে আগের থেকে নিরাপত্তা অনেক বেশি আঁটোসাঁটো করা হয়েছে। পহেলগাঁওয়ে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটনস্থলে থাকা দোকানদার-সহ অন্যদের পরিচয় সংবলিত কিউআর কোড লাগানো হচ্ছে। পর্যটকেরা ওই কোড স্ক্যান করে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত সংস্থা, খাবার বিক্রেতা সকলের পরিচয়, ঠিকানা সব কিছু জানতে পারবেন।

প্রসঙ্গত, ২০২৫ সালে ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গিরা হামলা চালায়। সেই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। সেই হামলার জবাবে সিঁদুর অভিযানে নামে সেনা। পাক ভূখণ্ডে ঢুকে জঙ্গিদের বহু ডেরা নিশ্চিহ্ন করে দেয়। আর সেই অভিযানকে ঘিরে ভারত-পাক সামরিক সংঘাত শুরু হয়। সেই সংঘাতে পাকিস্তানকে সমুচিত জবাব দিয়েছে ভারত। পহেলগাঁওকাণ্ডের এক বছর হওয়ার ঠিক এক দিন আগেই সিঁদুর অভিযানের কথা স্মরণ করিয়ে ভারতীয় সেনা লিখল, কিছু সীমা কখনওই লঙ্ঘন করা উচিত নয়।

Advertisement
আরও পড়ুন