Personal Data Protection Bill

সংসদে পাশ হয়েছিল তিন বছর আগে, সেই তথ্য সুরক্ষা আইন নিয়ে মতামত চেয়ে কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

২০২৩ সালের অগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের দ্বিতীয় মেয়াদে বিরোধীদের আপত্তি উপেক্ষা করে ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল সংসদে পাশ করানো হয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪২
Supreme Court issues notice to Centre on plea challenging 2023 data protection law

২০২৩ সালের ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনকে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের উপর মতামত জানানোর নির্দেশ দিয়ে কেন্দ্রকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ এই আইনের কয়েকটি ধারার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করা আবেদনগুলি পর্যালোচনা করতে সম্মত হয়েছে।

Advertisement

তবে তিন বিচারপতির বেঞ্চ আবেদনকারী পক্ষের দাবি মেনে ২০২৩ সালের তথ্য সুরক্ষা আইন বা তার ভিত্তিতে গত নভেম্বরে কেন্দ্রের জারি করা ‘ডিজিটাল পার্সনাল ডেটা প্রোটেকশন রুলস ২০২৫’-এর উপর কোনও স্থগিতাদেশ দিতে সম্মত হয়নি। প্রসঙ্গত, ২০২৩ সালের অগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের দ্বিতীয় মেয়াদে বিরোধীদের আপত্তি উপেক্ষা করে ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল সংসদে পাশ করানো হয়েছিল। কেন্দ্রের দাবি, এই আইনের মাধ্যমে ডিজিটাল ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রোখা যাবে এবং সেগুলির গোপনীয়তা রক্ষা সুনিশ্চিত করা যাবে। আটকানো যাবে ভুয়ো কল এবং বার্তা। এই নিয়মকে স্বাগত জানালেও, এর অধীনে তথ্য পরিচালনাকারী সংস্থাগুলির (ডেটা ফিডুশিয়ারি) তথ্য সংগ্রহের যোগ্যতা এবং তার পদ্ধতি কী হবে, তা স্পষ্ট নয় বলে অভিযোগ।

পাশাপাশি, শীর্ষ আদালতে আবেদনকারী পক্ষের তরফে অভিযোগ করা হয়েছে, বেসরকারি সংস্থাগুলির আমজনতার গোপন তথ্য ব্যবহারে বিধিনিষেধ জারি করা হলেও সরকারের যে কোনও সংস্থার তা ব্যবহারে ছাড় দেওয়ার যথেচ্ছ ক্ষমতা দেওয়া হয়েছে নতুন আইনে। তথ্যের গোপনীয়তার নামে তথ্যের অধিকার আইন লঘু করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ ওঠে। বিলে একটি তথ্য সুরক্ষা পর্ষদ তৈরির কথা বলা হয়েছে। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘন হলে পর্ষদ তার বিচার করবে। বিরোধীদের অভিযোগ, পর্ষদে কেবল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরাই থাকবেন। সরকারি স্তর থেকে কারও ডিজিটাল ব্যক্তিগত তথ্য ফাঁস হলে সুনির্দিষ্ট কোনও প্রতিবিধানের কথাও বলা নেই।

প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার আবেদনকারী পক্ষের আইনজীবী প্রশান্ত ভূষণ সওয়ালের প্রেক্ষিতে বলেছে, ‘‘এটি একটি জটিল এবং সংবেদনশীল বিষয়। যা প্রকৃতপক্ষে দু’টি প্রতিযোগিতামূলক মৌলিক অধিকার— তথ্যের অধিকার এবং গোপনীয়তার অধিকারের ভারসাম্য বজায় রাখার সঙ্গে সম্পর্কিত।’’ ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম ‘দ্য রিপোর্টার্স কালেক্টিভ’, সাংবাদিক নিতিন শেঠি এবং ‘ন্যাশনাল ক্যাম্পেইন ফর পিপলস রাইট টু ইনফরমেশন’ (এনসিপিআরআই)-এর পক্ষে ভেঙ্কটেশ নায়কের আবেদনগুলি পর্যালোচনার জন্য বৃহত্তর বেঞ্চে পাঠানোর কথাও সোমবার জানিয়েছে শীর্ষ আদালত।

Advertisement
আরও পড়ুন