West Asia War

‘ধন্যবাদ ভারত’! ইজ়রায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্রে লিখে দিল ইরান, কৃতজ্ঞতার তালিকায় আরও তিন দেশের নাম

শুক্রবার ইজ়রায়েলের বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এটি তাদের রেভলিউশনারি গার্ড বাহিনীর ৮৩তম হামলা। মিসাইলে লিখে দেওয়া হচ্ছে কৃতজ্ঞতার বার্তা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৩:৪৭
ভারতকে ধন্যবাদ দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ছেন ইরানের মোজতবা খামেনেইরা।

ভারতকে ধন্যবাদ দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ছেন ইরানের মোজতবা খামেনেইরা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইজ়রায়েলকে নিশানা করে ছোড়া ক্ষেপণাস্ত্রে ‘বন্ধু’ দেশগুলির উদ্দেশে বার্তা লিখে দিচ্ছে ইরান। এ বার ভারতের নামও তাতে যুক্ত হল। ক্ষেপণাস্ত্রের বার্তায় ভারতকে ধন্যবাদ দিয়েছে তেহরান। সেই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইজ়রায়েলে। তাদের কৃতজ্ঞতার তালিকায় ভারত ছাড়াও রয়েছে আরও তিন দেশের নাম।

Advertisement

এর আগে ক্ষেপণাস্ত্র-বার্তায় স্পেনকে ধন্যবাদ জানিয়েছিল ইরান। শুক্রবার ইজ়রায়েলের বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তারা। এটি ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর ৮৩তম হামলা। ছোড়া হচ্ছে মধ্যম ও দূরপাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। শুধু ইজ়রায়েল নয়, ইরানি হামলার নিশানায় রয়েছে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি। বাহরিনেও একটি হামলা হয়েছে। সমাজমাধ্যমে হামলার ঠিক আগের মুহূর্তের কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, ইরানের বায়ুসেনার কয়েক জন আধিকারিক ক্ষেপণাস্ত্রের গায়ে ধন্যবাদের বার্তা লিখে দিচ্ছেন। তার পর সেগুলি ছোড়া হচ্ছে লক্ষ্যবস্তুকে নিশানা করে। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভারত ছাড়াও ইরানের কৃতজ্ঞতার তালিকায় রয়েছে স্পেন, পাকিস্তান এবং জার্মানি। আপাতত এই চার দেশকে ধন্যবাদ দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। মুম্বইয়ে নিযুক্ত ইরানের কনসুলেট জেনারেল মিসাইলে লেখা সেই সমস্ত বার্তা সমাজমাধ্যমে পোস্ট করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করে। সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়। এর পর পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরানও। পশ্চিম এশিয়ার সেই যুদ্ধ এখনও থামেনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশের সঙ্গে কথা বলেছেন। হরমুজ় প্রণালী দিয়ে জাহাজ চলাচলেও বাধা দিচ্ছে ইরান। তবে তারা ভারত-সহ ‘বন্ধু’ দেশগুলিকে এ ক্ষেত্রে ছাড় দিয়েছে। দাবি, ভারতের জাহাজকে বাধা দেওয়া হচ্ছে না হরমুজ়ে। এ বার ভারতকে ধন্যবাদ দেওয়া হল ইরানের ক্ষেপণাস্ত্র-বার্তাতেও।

Advertisement
আরও পড়ুন