Building Collapse in Kota

কোটায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল! মৃত কমপক্ষে ২, ধ্বংসস্তূপের নীচে আটকে অনেকে

ঘটনাটি শনিবার রাতে রাজস্থানের কোটার তালওয়ান্দি এলাকায় ঘটেছে। শুরু হয়েছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৯
রাজস্থানে ভেঙে পড়ল একটি বহুতল।

রাজস্থানে ভেঙে পড়ল একটি বহুতল। ছবি: সংগৃহীত।

রাজস্থানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহুতল। ওই বহুতলে ছিল একটি রেস্তোরাঁও। ঘটনার খবর পেয়ে পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছোয়। চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যে দু'জন প্রাণ হারিয়েছেন।

Advertisement

ঘটনাটি শনিবার রাতে রাজস্থানের কোটার তালওয়ান্দি এলাকায় ঘটেছে। শুরু হয়েছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ধ্বংসস্তূপের নীচে আরও বেশ কিছু জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কী কারণে ওই তিনতলা ভবনটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার রাতে কোটার তালওয়ান্দি এলাকায় একটি তিনতলা ভবন আচমকা ধসে পড়ে। সেখানে খোলা ছিল একটি রেস্তোরাঁ। এই দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নীচে রেস্তোরাঁর কর্মী বা অন্য কেউ আটকে পড়ে আছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কী ভাবে ওই বহুতলটি ভেঙে পড়ল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

রাজস্থানের মন্ত্রী মদন দিলাওয়ার বলেন, “এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে। অন্তত ন’জনকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”

জেলাশাসক পীযূষ সামারিয়া জানান, উদ্ধারকাজ দ্রুত গতিতে চলছে। আপাতত পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও কতজন ভিতরে আটকে আছেন, তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্থানীয় বিধায়ক সন্দীপ শর্মা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “পুলিশ এবং প্রশাসন ঘটনাস্থলে আছে। তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে। ধ্বংসস্তূপের ভিতর থেকে অনেককেই উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে।”

Advertisement
আরও পড়ুন