News Of The Day

সংসদের বিশেষ অধিবেশন। জনগণনা শুরু দেশ জুড়ে। উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক। আবহাওয়া। আর কী কী

‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বিলের সঙ্গেই ১৩১তম সংবিধান সংশোধনী বিলও পেশ করা হবে আসন্ন অধিবেশনে। সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পরে রাষ্ট্রপতির অনুমোদন পেলে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে ৮৫০ হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ০৭:৫৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ থেকে বসছে সংসদের বিশেষ অধিবেশন। তিন দিন ধরে চলবে বাজেট অধিবেশনের এই বিশেষ পর্ব। সংসদে লোকসভার পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ আইনে সংশোধনী বিল পেশ করতে সক্রিয় হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। ২০২৯-এর লোকসভা নির্বাচনেই মহিলা আসন সংরক্ষণ আইন কার্যকর করার উদ্দেশ্যে আনা এই বিলের পোশাকি নাম ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’। সেই বিলের সঙ্গেই ১৩১তম সংবিধান সংশোধনী বিলও পেশ করা হবে আসন্ন অধিবেশনে। সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পরে রাষ্ট্রপতির অনুমোদন পেলে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে ৮৫০ হতে পারে। এই অধিবেশন সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

দেশে ২০২৭ সালের জনগণনার প্রথম পর্যায় শুরু হচ্ছে আজ থেকে। এটি ভারতের প্রথম জনগণনা, যা ডিজিটাল পদ্ধতিতে হবে। নিজস্ব-এনুমারেশন ফর্মের মাধ্যমে নাগরিকদের তথ্য দিতে হবে। এই প্রক্রিয়া আপাতত এক বছর ধরে চলবে। ২০২৭ সালে চূড়ান্ত এনুমারেশন হবে।

ভোটের আগে প্রচারে গতি আনতে আজ একাধিক কর্মসূচিতে ঝাঁপাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উত্তরবঙ্গের মাথাভাঙা, আলিপুরদুয়ার ও দিনহাটায় ধারাবাহিক জনসভা করবেন। অন্য দিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের গোপীবল্লভপুর ও কাঁথিতে সভা করবেন। পাশাপাশি, নোয়াপাড়ায় একটি রোড শো-তেও অংশ নেবেন তিনি। নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করা ও ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিতেই এই জোড়া প্রচার কর্মসূচি বলে দলীয় সূত্রে খবর।

কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএল শুরু করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু তার পর টানা তিনটি ম্যাচ হারতে হয়েছে হার্দিক পাণ্ড্য-রোহিত শর্মার দলকে। আজ মুম্বইয়ের সামনে পঞ্জাব কিংস। শ্রেয়স আয়ারের পঞ্জাবেরও এটি পঞ্চম ম্যাচ। তারাই একমাত্র দল, যারা এ বারের আইপিএলে এখনও পর্যন্ত অপরাজিত। মুম্বই কি জয়ে ফিরতে পারবে? না কি পঞ্জাবের জয়যাত্রা অব্যাহত থাকবে? মুম্বইয়ে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আইএসএলে আজ ইস্টবেঙ্গলের খেলা। বিপক্ষে সুনীল ছেত্রির বেঙ্গালুরু। ইস্টবেঙ্গল আজ যুবভারতীতে জিতলে পয়েন্টের বিচারে ধরে ফেলবে মোহনবাগানকে। দুই দলেরই ৮ ম্যাচে ১৭ পয়েন্ট হবে। বেঙ্গালুরু জিতলে তাদেরও ১৭ পয়েন্ট হবে। তবে তারা একটি ম্যাচ বেশি খেলবে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও ফ্যানকোড অ্যাপে।

বৃহস্পতিবার থেকেই হতে পারে ঝড়বৃষ্টি। তাতে সামগ্রিক ভাবে গরম অবশ্য কমবে না। তবে সাময়িক স্বস্তির সম্ভাবনা রয়েছে। এই সংক্রান্ত খবরে আজ নজর থাকবে।


হুঁশিয়ারি দিয়ে হরমুজ় প্রণালীতে অবরোধ শুরু করেছে আমেরিকা। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সেই পদক্ষেপ মঙ্গলবার তেমন প্রভাব ফেলেনি জাহাজ চলাচলে। গত সপ্তাহান্তে ইসলামাবাদে শান্তি বৈঠকে বসেছিল ইরান এবং আমেরিকা। তাতে রফাসূত্র অধরাই থেকেছে। এখনও অবস্থায় পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

Advertisement
আরও পড়ুন