News Of The Day

তিন বিল: লোকসভায় হতে পারে ভোটাভুটি। নীলবাড়ির লড়াই। রাজ্যে ঝড়বৃষ্টি। আইপিএলে কেকেআর। আর কী

মহিলা সংরক্ষণের জন্য ১৩১তম সংবিধান সংশোধনী বিল, লোকসভার সাংসদ সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার জন্য আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। আজ বিকেলে এই তিনটি বিলের উপর ভোটাভুটি হতে পারে সংসদের নিম্নকক্ষে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ০৮:০৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

সংসদে তিন দিনের বিশেষ অধিবেশনে তিনটি বিল পাশ করাতে চাইছে কেন্দ্র। তিনটি বিল— মহিলা সংরক্ষণের জন্য ১৩১তম সংবিধান সংশোধনী বিল, লোকসভার সাংসদ সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার জন্য আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। বৃহস্পতিবার দুপুরে তিনটি বিলই লোকসভায় পেশ করা হয়েছে। প্রায় ১২ ঘণ্টা আলোচনার পরে আজ বিকেলে এই তিনটি বিলের উপর ভোটাভুটি হতে পারে সংসদের নিম্নকক্ষে।

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারে গতি বাড়াচ্ছে তৃণমূল। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় প্রচার কর্মসূচিতে অংশ নেবেন। কোচবিহার ও বাঁকুড়ায় জনসভা করার পাশাপাশি, দুর্গাপুর শহরে একটি বড় রোড শো করার কথা রয়েছে তাঁর। এই কর্মসূচিগুলিকে ঘিরে ইতিমধ্যেই তৃণমূল সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। অন্য দিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সমানতালে প্রচারে ঝাঁপাচ্ছেন। তিনি সবং, হিঙ্গলগঞ্জ এবং রায়দিঘিতে পৃথক জনসভা করবেন। একাধিক জেলায় ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছোনোর চেষ্টা করছে শাসকদল।

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। তার জেরে দু’দিন তাপমাত্রা একটু কমবে। তবে তার পরেই বাড়বে তাপমাত্রা। বাড়বে অস্বস্তিও। উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার হেরফের হচ্ছে না। ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবার পর্যন্ত।

হেরেই চলেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে পাঁচটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে কেকেআরের। এখনও জয়ের মুখ দেখেনি অজিঙ্ক রাহানের দল। আজ ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে কলকাতা। বিপক্ষে গুজরাত টাইটান্স। শুভমন গিলের দলের এটি পঞ্চম ম্যাচ। প্রথম দু’টি ম্যাচে হেরেছিল গুজরাত। পরের দু’টি ম্যাচে জিতে আত্মবিশ্বাসী শুভমনেরা। আজ অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের সমঝোতার আলোচনা ব্যর্থ হয়েছে। দ্বিতীয় বার এই দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন কি না, তা নিয়ে জল্পনা রয়েছে। চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এর মধ্যেই বৃহস্পতিবার ইজ়রায়েল এবং লেবাননের মধ্যে ১০ দিনের সংঘর্ষবিরতি ঘোষণা করেছেন ট্রাম্প। তবে ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত। পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে নজর থাকবে।

Advertisement
আরও পড়ুন