Tamil Nadu Assembly Election 2026

তামিলভূমে ত্রিমুখী লড়াই! ডিএমকে, এডিএমকের সঙ্গে লড়াইয়ে বিজয়ের দলও, নজরে কোন কোন আসন?

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সূচনা হয় বিজয়ের দলের। তবে সে বার লোকসভা ভোটে লড়েনি টিভিকে। জল্পনা ছিল, আসন্ন বিধানসভা ভোটে ডিএমকের সঙ্গে সমঝোতা করতে পারেন তিনি। কিন্তু একাই লড়ছে তাঁর দল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ২৩:৩১
TVK\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s Vijay to DMK\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s MK Stalin in focus in Tamil Nadu assembly elections

(বাঁ দিক থেকে) এমকে স্ট্যালিন, বিজয় এবং ই পলানীস্বামী। — ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটের সঙ্গেই তামিলনাড়ুতে বৃহস্পতিবার বিধানসভা নির্বাচন। তামিলনাড়ুর ভোট বহু দিন ধরেই দ্বিমুখী লড়াই। ডিএমকে বনাম এডিএমকে। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে জয়ললিতার দল এডিএমকে-র সঙ্গে জোট বেঁধে লড়ছে বিজেপি। তবে এ বারে ভোটের লড়াইয়ে রয়েছে আরও এক শক্তি। অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাঝাগাম’ (টিভিকে)।

Advertisement

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সূচনা হয় বিজয়ের দলের। তবে সে বার লোকসভা ভোটে লড়েনি টিভিকে। জল্পনা ছিল, আসন্ন বিধানসভা ভোটে ডিএমকের সঙ্গে সমঝোতা করতে পারেন তিনি। কিন্তু একাই লড়ছে তাঁর দল। সংখ্যাগরিষ্ঠতা পেলে মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা রয়েছে বিজয়ের। তিনি লড়ছেন তিরুচিরাপল্লি পূর্ব এবং পেরাম্বুর কেন্দ্র থেকে।

কোলাথুর কেন্দ্র ধরে রাখতে মরিয়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিন। ২০১১ সাল থেকে ওই আসনে জিতছেন তিনি। তাঁর পুত্র উদয়নিধির ভোটপরীক্ষা চেপাউকে। ২০২১ সালের বিধানসভা ভোটে লড়ে জিতেছিলেন এই আসন থেকেই। ডিএমকে-র সঙ্গে জোটে লড়ছে কংগ্রেস এবং বাম। তবে তামিলভূমে এ বার বিশেষ নজর রয়েছে বিজয়ের দিকে। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই মনে করছেন, তরুণ প্রজন্মের ভোট ঝুঁকতে পারে বিজয়ের দলের দিকে।

২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপিকে মাত্র ২০টি আসন ছেড়েছিল এডিএমকে। সেই ভোটে বিপুল জয় পায় ডিএমকে-কংগ্রেস-বামেদের জোট। এর পরে এনডিএ জোট ছেড়েছিল এডিএমকে। ২০২৪ সালের লোকসভা ভোটে আলাদা ভাবে লড়ে দু’দলেরই ভরাডুবি হয়েছিল। তামিলনাড়ুর ৩৯টি আসনের সব ক’টিতেই জিতেছিল ‘ইন্ডিয়া’। তবে এ বারের ভোটেও এডিএমকে-কে সঙ্গী করেই তামিলভূম জয়ের লক্ষ্যে নেমেছে বিজেপি। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এডিএমকে প্রধান ইকে পলানীস্বামী কি ধরে রাখতে পারবেন এডাপ্পাদি আসন, তা ঠিক হবে বৃহস্পতিবার।

এই তিন শক্তির নজর রয়েছে মহিলা ভোটের দিকে। নির্বাচনী ইস্তাহারেও তাঁর ছাপ দেখা গিয়েছে। মহিলা ভোট টানতে স্ট্যালিন মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের জন্য ভাতা চালু করেছিলেন। ভোটের মুখে তাঁর প্রতিশ্রুতি, জয়ী হলে মহিলাদের জন্য ৮ হাজার টাকা নগদ উপহার থাকবে। এডিএমকে মহিলাদের জন্য ১০ হাজার টাকা উপহারের ঘোষণা করেছে। মহিলাদের জন্য বিজয়ের প্রতিশ্রুতি, মাসে ২,৫০০ টাকার ভাতা। এ ছাড়াও, বিজেপি তাঁর নির্বাচনী ইস্তাহারে মহিলাদের মাসে দু’হাজার টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Advertisement
আরও পড়ুন