Two Youth Stranded on Water Tank

রিল বানানোর নেশায় জলের ট্যাঙ্কের মাথায় চড়ে বসেন দুই যুবক! নামতে গিয়ে বিপত্তি, উদ্ধারে এল বায়ুসেনা

পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। ট্যাঙ্কে ওঠার সিঁড়ি ছিল জং ধরা, কোথাও কোথাও আবার ভাঙাও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৫:৪২
(বাঁ দিকে) ট্যাঙ্কের মাথায় আটকে পড়া দুই যুবক। (জান দিকে) বায়ুসেনার কপ্টারে করে উদ্ধার করা হচ্ছে দু’জনকে। ছবি: সংগৃহীত।

(বাঁ দিকে) ট্যাঙ্কের মাথায় আটকে পড়া দুই যুবক। (জান দিকে) বায়ুসেনার কপ্টারে করে উদ্ধার করা হচ্ছে দু’জনকে। ছবি: সংগৃহীত।

রিল বানানোর নেশায় জলের ট্যাঙ্কের মাথায় চড়ে বসেছিলেন দুই যুবক। শেষে উদ্ধার করতে ডাকতে হল বায়ুসেনা। ঘটনাটি উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে দুই যুবক রিল বানানোর জন্য প্রায় ৮০ ফুট উঁচু একটি জলের ট্যাঙ্কে উঠে পড়েন। সেখানে ভিডিয়ো বানান। কিন্তু নামতে গিয়েই তাঁদের হাত-পা ঠান্ডা হয়ে আসে। নীচের দিকে তাকিয়েই আঁতকে ওঠেন তাঁরা। শেষে কান্নাকাটি জুড়ে দেন। বাড়ি এবং পাড়ার লোকেদের ফোন করে তাঁদের উদ্ধারের জন্য আর্জি জানান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। পুলিশের কাছেও খবর যায়।

পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। ট্যাঙ্কে ওঠার সিঁড়ি ছিল জং ধরা, কোথাও কোথাও আবার ভাঙাও। কী ভাবে ওই অবস্থায় দুই যুবক ট্যাঙ্কে উঠলেন, তা ভেবেই স্তম্ভিত হয়ে যান উদ্ধারকারীরা। দমকলের মই নিয়ে এসে উদ্ধারের চেষ্টা চালানো হয়। কিন্তু সম্ভব হয়নি। জানা গিয়েছে, দু’জন নন পাঁচ জন যুবক ট্যাঙ্কে উঠেছিলেন। রিল বানানোর সময় ট্যাঙ্কের সিঁড়ি ভেঙে যায়। তিন জন যুবক নীচে পড়ে যান। এক জনের মৃত্যু হয়। দু’জন গুরুতর আহত। এই অবস্থা দেখে ট্যাঙ্কের মাথায় বসে থাকা দুই যুবক আতঙ্কিত হয়ে পড়েন।

রাতভর নানা ভাবে দু’জনকে উদ্ধারের চেষ্টা করা হয়। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধারে সমস্যা হচ্ছিল। শেষে জেলা প্রশাসনের তরফে বায়ুসেনার সঙ্গে যোগাযোগ করা হয়। রবিবার ভোরে বায়ুসেনার এমআই-১৭ ভি৫ হেলিকপ্টার আসে। ১৫ মিনিটের মধ্যে দুই যুবককে উদ্ধার করা হয়।

Advertisement
আরও পড়ুন