উমর খালিদ। — ফাইল চিত্র।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের অন্তবর্তী জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লির একটি আদালত। উমরের আবেদন ছিল, তাঁর মা অসুস্থ। দেখভাল করার জন্য তাঁর অন্তবর্তিকালীন জামিন মঞ্জুর করা হোক। শুধু তা-ই নয়, তাঁর কাকার মৃত্যু-পরবর্তী আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও তাঁর আবেদনে ছিল। যদিও দিল্লির আদালত জানায়, এই মর্মে কখনওই জামিনের আবেদন ম়ঞ্জুর করা যায় না। সোমবারই উমর, শারজিল ইমামের জামিনের আবেদন নিয়ে তাদের পূর্ববর্তী রায়ের সমালোচনা করেছিল সুপ্রিম কোর্ট। তবে তার পরের দিনই নিম্ন আদালতে ধাক্কা খেলেন উমর।
দিল্লি হিংসা মামলায় ২০২০ সাল থেকে জেল খাটছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর এবং শারজিল। বিভিন্ন আদালতে বার বার জামিনের আবেদন করেছেন তাঁরা। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের আবেদন মঞ্জুর হয়নি। চলতি বছরের ৫ জানুয়ারি দিল্লি গোষ্ঠীহিংসার ঘটনায় ইউএপিএ মামলায় অভিযুক্ত উমর এবং শারজিলের জামিন আবেদন খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে সোমবার এই সুপ্রিম কোর্টই উমরদের জামিন পাওয়া উচিত কি না, তা নিয়ে প্রায় বিপরীত পর্যবেক্ষণ করে।
সোমবার শীর্ষ আদালত মনে করিয়ে দিয়েছে, ইউএপিএ (বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন)-তেও জামিন পাওয়াটাই নিয়ম। বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ জানায়, উমরদের ক্ষেত্রে যথাযথ ভাবে ওই নিয়ম পালন করা হয়নি। এই বিষয় বলতে গিয়ে বেঞ্চ ২০২১ সালে সুপ্রিম কোর্টে একটি মামলার রায়ের কথা উল্লেখ করেছিল।