সার্জিও গোরের (বাঁ দিকে) সঙ্গে অজিত ডোভালের বৈঠক (ডান দিকে) । ফাইল চিত্র।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। দিল্লিতে বৈঠকের কথা জানিয়ে বুধবার সমাজমাধ্যমে গোর লিখেছেন, ‘‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ একটি বৈঠক শেষ করলাম। নিরাপত্তা ও ভূরাজনৈতিক বিষয়গুলি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমেরিকা এবং ভারতের মধ্যে কৌশলগত সহযোগিতা ক্রমাগত প্রসারিত হচ্ছে।’’
নয়াদিল্লি এবং ওয়াশিংটন জাতীয় নিরাপত্তা পর্যায়ে নিয়মিত যোগাযোগ বজায় রাখার পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক আলোচনা অব্যাহত রেখেছে বলেও নয়াদিল্লির মার্কিন দূতাবাস জানিয়েছে। প্রসঙ্গত, গত ১২ মার্চ দমদম বিমানবন্দর থেকে মার্কিন ‘ভাড়াটে সৈনিক’ ম্যাথু ভ্যানডাইককে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। পাশাপাশি, উত্তরপ্রদেশের লখনউ বিমানবন্দর থেকে তিন এবং দিল্লি বিমানবন্দর থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
ওই ছ’জন ইউক্রেনের নাগরিক এবং ম্যাথুর সহযোগী বলে এনআইএ সূত্রের খবর। তাঁরা জঙ্গি প্রশিক্ষণ চক্রের সঙ্গেও জড়িত ছিলেন বলেও প্রকাশিত কয়েকটি খবরে দাবি। ২০১১ সালে লিবিয়ার গৃহযুদ্ধের সময় মার্কিন নাগরিক ম্যাথু প্রথম আন্তর্জাতিক মহলের নজরে আসেন। তিনি সে দেশের বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে যোগ দেন এবং কারারুদ্ধ হন। লিবিয়ার পরে তিনি ‘সন্স অব লিবার্টি ইন্টারন্যাশনাল’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন, যা সোলি (এসওএলআই) নামেও পরিচিত। এই সংস্থা বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ অঞ্চলগুলিতে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলিকে সামরিক প্রশিক্ষণ দেয়। এই আবহে ডোভালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ঘটনাচক্রে, এই বৈঠকটি এমন সময়ে হয়েছে, যখন ওয়াশিংটন ও নয়াদিল্লি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা, সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা, সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা এবং প্রযুক্তিনীতির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।