TVK Chief Vijay

স্ট্যালিনের বাসভবনে এলেন তলপতি বিজয়

নতুন মুখ্যমন্ত্রী আজ তাঁর বাসভবনে পৌঁছনোর আগেই অবশ্য বিজয়কে অভিনন্দন জানিয়েছিলেন স্ট্যালিন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ মে ২০২৬ ০৭:৪৮
‘তলপতি’ জোসেফ বিজয়।

‘তলপতি’ জোসেফ বিজয়। ফাইল চিত্র।

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী পদে বসার পরে আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করলেন তলপতি জোসেফ বিজয়। গত কাল অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়া বিজয় আজ চেন্নাইয়ের আলোয়ারপেট-এ ডিএমকে নেতা স্ট্যালিনের বাসভবনে পৌঁছন। সেখানে তাঁকে আলিঙ্গন করে স্বাগত জানান স্ট্যালিন ও তাঁর পুত্র উদয়নিধি স্ট্যালিন। টিভিকে নেতা বিজয় ও ডিএমকে নেতা স্ট্যালিন আজ পরস্পরকে হাতজোড় করে স্বাগত জানিয়েছেন। দু’পক্ষই একে সৌজন্য সাক্ষাৎ হিসেবে তুলে ধরেছে।

নতুন মুখ্যমন্ত্রী আজ তাঁর বাসভবনে পৌঁছনোর আগেই অবশ্য বিজয়কে অভিনন্দন জানিয়েছিলেন স্ট্যালিন। অনুরোধ করেছিলেন, বিজয় যেন রাজ্যের আর্থিক সঙ্কটের জন্য তাঁকে দোষারোপ করতে শুরু না করেন। বরং জনগণের কাছে টিভিকে যে সব প্রতিশ্রুতি দিয়েছে, তা রূপায়ণ করার দিকে জোর দেন। বিজয় অবশ্য গত কাল মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পরেই নিজেকে ‘সাধারণ মানুষ’ হিসেবে তুলে ধরে দাবি করেন, তিনি মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিতে চান না। বরং সত্যিকারের সামাজিক সাম্য প্রতিষ্ঠা ও ধর্মনিরপেক্ষতার স্বার্থে কাজ করে যেতে চান। আর সমালোচনা না করার আর্জি জানানোর পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিন দাবি করেছেন, তামিলনাড়ুর অর্থনৈতিক সঙ্কটের মোকাবিলা তাঁর সরকার ভাল ভাবেই করেছিল। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের অবহেলা সত্ত্বেও ডিএমকের সরকার জনমুখী অনেক সিদ্ধান্ত নিতে সফল হয়েছিল।

এ দিকে, তামিলনাড়ুতে ভোট বিপর্যয়ের ধাক্কায় জেরবার প্রয়াত জয়ললিতার দল এডিএমকে। একটি সংবাদমাধ্যমের দাবি, দলের নির্বাচিত বিধায়কদের একাংশ এবং প্রাক্তন মন্ত্রীদের অনেকেই এডিএমকে-র শীর্ষ পদ থেকে ই পলানীস্বামীর ইস্তফা চাইছেন। তবে পলানীস্বামী তাতে রাজি হচ্ছেন না।

আরও পড়ুন