Warm Dessert

ঋতুস্রাবের ব্যথায় কষ্ট পাচ্ছেন? মন-মেজাজ শান্ত করতে খেতে পারেন গরম তবে মিষ্টি ৩ খাবার

ঋতুস্রাবের দিনগুলিতে শুধু পেটে ব্যথা নয়, মেজাজও খিটখিটে হয়ে থাকে অনেকের। এই সময় মেজাজ ভাল রাখতে খেতে পারেন তিন গরম খাবার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৬
পিরিয়ডের ব্যথার জন্য মেজাজ খিটখিটে, এমন সময় মন শান্ত করবে,  ব্যথা কমাবে ৩ খাবার।

পিরিয়ডের ব্যথার জন্য মেজাজ খিটখিটে, এমন সময় মন শান্ত করবে, ব্যথা কমাবে ৩ খাবার। ছবি: সংগৃহীত।

ঋতুস্রাবের সময় তলপেটে ব্যথা, পেশিতে টান ধরা খুব সাধারণ ব্যাপার। এই সময়ে যেমন গরম সেঁক দিলে আরাম বোধ হয়, তেমনই গরম পানীয়ে চুমুক দিলেও শরীর ভাল লাগে।

Advertisement

তবে চা-কফি নয়, ঋতুস্রাবের সময় মেজাজ খিটখিটে হয়ে থাকলে, ব্যথায় কষ্ট পেলে খেতে পারেন গরম গরম মিষ্টি খাবার। গুড়, আদা, ডার্ক চকোলেটের ব্যবহারে তৈরি খাবারগুলি সেরোটোনিনের নিঃসরণ বাড়িয়ে দেয়।মন ভাল করার ক্ষেত্রে, চনমনে ভাব আনতে এই হরমোনের বিশেষ ভূমিকা থাকে। ব্যথা সরাসরি না কমালেও, এই সময়ে বিগড়ে থাকা মেজাজ শান্ত করতে খাবারগুলি সাহায্য করতে পারে।

কাপ কেক: গরম গরম চকোলেট কাপ কেক খেলেও কিন্তু মনটা বেশ ভাল লাগতে পারে। বানানো একেবারেই কঠিন নয়। একটি ডিম, স্বাদমতো গুড় এবং কিছুটা মাখন দিয়ে ফেটিয়ে নিন। যোগ করুন হালকা গরম করে নেওয়া ডার্ক চকোলেট। একটি পাত্রে ময়দা চলে নিন। সমস্ত উপকরণ মিশিয়ে যোগ করুন এক চিমটে নুন এবং বেকিং পাউডার। মাইক্রোঅয়েভ অভেনে বেক করা যায় এমন কাচের কাপে মাখন মাখিয়ে মিশ্রণটি ঢেলে দিন। ১৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০-১৫ মিনিট বেক করে নিলেই তৈরি হয়ে যাব কাপ কেক।

কোকো সেরোটোনিনের নিঃসরণ বৃদ্ধি করে। এতে থাকা ম্যাগনেশিয়াম পেশিকে শিথিল করতে সাহায্য করে। গুড়ে মেলে অল্পমাত্রায় আয়রন।

খেজুর- ঘি: ৩-৪টি খেজুর বীজ ছাড়িয়ে মাইক্রোঅয়েভ অভেনে ব্যবহার করা যায় এমন বাটিতে রাখুন। যোগ করুন ১ টেবিল চামচ ঘি এবং এক চিমটে দারচিনি গুঁড়ো। মিনিট খানেক তা গরম করে নিন।

পুষ্টিগুণে ভরা খেজুর শরীরে দ্রুত শক্তি যোগাতে সাহায্য করবে। দারচিনি হজমে সহায়ক এবং রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে সাহায্য করে।

হট চকোলেট: ডার্ক চকোলেট গরম জলে বসিয়ে গলিয়ে নিন। তার মধ্যে খুব সামান্য পরিমাণে যোগ করুন দারচিনি, জায়ফল গুঁড়ো এবং একটু গরম দুধ। সমস্ত উপকরণ মিশিয়ে নিন।

ম্যাগনেশিয়াম পেশিকে আরাম দিতে সাহায্য করবে। মেজাজে প্রভাব ফেলে চকোলেটের উপাদান। গরম এবং সু্স্বাদু খাবারটি খেলে শরীর-মন চাঙ্গা হবে।

Advertisement
আরও পড়ুন