Alia Bhatt Beauty Tips

আলিয়ার ত্বকের জেল্লার নেপথ্যে ৪ উপকরণ! কানে দেশজ টোটকার সুখ্যাতি নায়িকার, দিলেন রেসিপিও

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে একটি প্রসাধনী সংস্থার প্রচার দূত হিসাবে উপস্থিত হয়েছেন আলিয়া। প্রশ্ন জেগেছে তাঁর জেল্লাদার, উজ্জ্বল ত্বক ঘিরে। নায়িকা নিজেই তাঁর ত্বকচর্চার রুটিন ফাঁস করলেন ফ্রান্সে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৮:২২
আলিয়ার ত্বকচর্চার রুটিন ফাঁস ফ্রান্সে।

আলিয়ার ত্বকচর্চার রুটিন ফাঁস ফ্রান্সে। ছবি: সংগৃহীত।

ফরাসি শহরে দেশজ সংস্কৃতির জয়গান গাইলেন আলিয়া ভট্ট। ত্বকের জেল্লার নেপথ্যে যে কেতাদুরস্ত, ফ্যাশন দুনিয়ার সঙ্গে মানানসই প্রসাধনী নয়, চার ভারতীয় খাবারের অবদান, তা-ই জানালেন বলিউড অভিনেত্রী। নামীদামি প্রসাধনীর বদলে বিশ্ব জুড়ে প্রচারের আলো কেড়ে নিল ভারতীদের হেঁশেলের সহজলভ্য উপকরণ।

Advertisement

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে একটি প্রসাধনী সংস্থার প্রচার দূত হিসাবে উপস্থিত হয়েছেন আলিয়া। উৎসবের লাল গালিচায় বিশেষ ভাবে নজর কেড়েছে আলিয়ার সাজ। কখনও রঙিন গাউন, কোনও দিন পিচ রঙা গাউন, কখনও আবার রং পাল্টে সাদা পোশাকে দেখা দিয়েছেন তিনি। তাঁর সৌন্দর্যে মুগ্ধ দেশবিদেশের ফ্যাশনিস্তারা। ত্বকের জেল্লা অবশ্যই তাঁর সাজের বড় অংশ জুড়ে রয়েছে। আর তাই ফরাসি সাংবাদিক আলিয়াকে প্রশ্ন করলেন ত্বকের ঔজ্জ্বল্যের রহস্য নিয়ে। আর আলিয়া প্রকাশ করলেন তাঁর ‘স্কিন স্ন্যাক’। অর্থাৎ ভারতীয় খাবার দিয়ে বানানো এক প্রকার স্ন্যাকই বটে, যা ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে সাহায্য করে।

আলিয়া মূলত ঘিয়ের কথা উল্লেখ করলেন। পাশাপাশি, গুড় আর নারকেল দিয়ে বানানো এক টোটকাও ভাগ করে নিলেন ফরাসিদের জন্য। নায়িকার কথায়, ‘‘আমাদের বাড়িতে, আমাদের দেশে ঘি দিয়ে রান্না হয়। এই জিনিসটি অন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর। পাশাপাশি, ত্বকের জন্যও খুব ভাল। এই জিনিসটি দিয়েই আমি নিজের জন্য ‘স্কিন স্ন্যাক’ তৈরি করেছি। ঘিয়ের মধ্যে গুড় আর গুঁড়ো করা চিনাবাদাম আর অল্প নারকেল মিশিয়ে আমি খেয়ে নিই। ফলে আমার ত্বক উজ্জ্বল থাকে। সত্যিই খুব ভাল কাজ করে আমার ত্বকে।’’

ঘি: ত্বকে ঘিয়ের ব্যবহার চমকপ্রদ ফল দেয়। ঘিয়ে থাকে ভিটামিন এ, ডি এবং ই। যেগুলি হাওয়ায় ভেসে থাকা দূষণের কণাগুলির সঙ্গে লড়তে সক্ষম। তার সঙ্গে এই তিনটি ভিটামিনই কোনও না কোনও ভাবে ত্বকের আর্দ্রতা ধরে রাখে। ঘিয়ে আবার অ্যান্টি-এজিং গুণও রয়েছে। ফলে মুখে বয়সের ছাপ পড়ার গতি ধীর করতে পারে। তা ছাড়া অন্ত্রের স্বাস্থ্যরক্ষার মাধ্যমে ত্বককে ভাল রাখতে পারে।

গুড়: অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর গুড় ত্বকের প্রদাহ কমাতে পারে। ফলে বলিরেখা পড়ার সমস্যাও দূর হয়। গুড়ের মধ্যে থাকা ভিটামিন ও খনিজ ত্বকে পুষ্টি জোগায়। ব্রণ-ফুস্কুড়ির সমস্যাও দূর করতে পারে।

চিনাবাদাম: ত্বকের প্রতিটি কোষ সচল রাখতে পারে চিনাবাদামের অ্যান্টি-অক্সিড্যান্ট। ফলে চামড়া ঝুলে পড়ার সমস্যা কমে। এতে ফ্যাটি অ্যাসিড থাকে বলে তা ত্বকের আর্দ্রতা রক্ষা করার জন্য উপযুক্ত। ত্বকের প্রদাহ নাশ করার জন্যও এই খাবারের জুড়ি মেলা ভার।

নারকেল: ত্বকের আর্দ্রতা বজায় রাখতে, স্বাস্থ্যকর ফ্যাট সরবরাহ করতে এবং স্থিতিস্থাপকতা বাড়িয়ে বলিরেখা হ্রাস করতে নারকেলের অবদান অপরিসীম। ফেনোলিক যৌগের মতো অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর নারকেল ফ্রি র‍্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে, প্রদাহ কমায় এবং ত্বকের সুরক্ষা স্তরকে মজবুত করে।

ফলে আলিয়ার দেশজ টোটকা যে ত্বকের জন্য কার্যকরী, তার প্রমাণ রয়েছে পুষ্টি উপাদানেই। আবারও কোনও এক তারকা প্রমাণ করলেন, ঘরোয়া কৌশলে ভরসা রাখলে উপকৃত হতে পারেন।

Advertisement
আরও পড়ুন