গলদা চিংড়ি ব্যাগ। ছবি: সংগৃহীত।
হাতে আস্ত গলদা চিংড়ি। তবে জলজ প্রাণী নয়, গড়নে চিংড়ির মতোই একটি ব্যাগ। আন্তর্জাতিক বিলাসী ব্র্যান্ড লুই ভিতোঁর এমন ব্যাগেই নজর কাড়লেন সমাজমাধ্যম প্রভাবী ওরহান অবত্রমানি বা ওরি। তারকামহলে তাঁর নিত্য ওঠাবসা।
লাফটার শেফস-এর সেটে এই ব্যাগ নজরে আসতেই তার চুলেচরা বিশ্লেষণ শুরু হয়েছে। সেটি গলদা চিংড়ি বা লবস্টারের আদলে তৈরি হলেও আর পাঁচটা ব্যাগের চেয়ে ভিন্ন। লুই ভিতোঁর ‘মনোগ্রাম কোটেড ক্যানভাস’ এবং প্রাণিজ চামড়া দিয়ে তৈরি সেটি। মজবুতও। ব্যাগে রয়েছে বিখ্যাত ব্র্যান্ডটির নকশা করা মনোগ্রাম। খয়েরিরঙা চিংড়ির পা তৈরি হয়েছে নরম প্যাড এবং চামড়া দিয়ে। নিখুঁত ভাবে রয়েছে দাঁড়া থেকে শুঁড়। সোনালি রঙের ধাতব চেন এবং হুক বাড়িয়েছে ব্যাগটির সৌন্দর্য।
লুই ভিতোঁর লবস্টার ব্যাগ। ছবি: ইনস্টাগ্রাম।
গলদা চিংড়ির আদলে তৈরি ব্যাগটি কিন্তু ব্যবহারিক ভাবে বেশ কাজের। এটি খুলে রাখা যায় আবার ফিতে আটকে কাঁধেও নেওয়া যায়। ফিতে ছোট-বড় করার ব্যবস্থাও রয়েছে এতে। ভিতরে ফোন, চাবি, কার্ড হোল্ডারের মতো নিত্যপ্রয়োজনীয় ছোটখাটো সমস্ত জিনিসই সুন্দর করে সাজিয়ে রাখা যাবে, এমন ভাবেই তা তৈরি করা হয়েছে।
দেখতে গলদা চিংড়ির মতো হলেও, ছোট্ট ব্যাগটির দাম শুনলে অনেকেই চমকে উঠতে পারেন। লুই ভিতোঁর ‘লবস্টার ওয়ারেবল ওয়ালেট’-এর দাম ১৮ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ লক্ষ টাকা। যে টাকায় কেনা যেতে পারে মাঝারি মানের বিলসবহুল গাড়িও।