Homemade Nail Care

নখ পরিষ্কার রাখলেই যত্ন নেওয়া হয় না, ধরন বুঝে মাখতে হবে প্যাকও! কোন নখের জন্য কেমন প্রয়োজন?

গরমে ত্বক, চুলের দিকে কড়া নজর থাকে অনেকেরই। সেখানে কিন্তু ব্রাত্য হয়ে যায় নখ। অনেকেরই মনে হতে পারে, নখের আবার আলাদা করে যত্নের প্রয়োজন আছে না কি? অবশ্যই রয়েছে। তবে তা করতে হবে নিয়ম মেনে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১৭:৪৫
Natural Packs to Fix Damaged & Thin Nails

পার্লারের মতো ম্যানিকিয়োর হবে, রইল কিছু উপায়। ছবি: এআই সহায়তায় প্রণীত।

গরমের দিনে ত্বক ও চুলের যত্ন তো নেওয়া হয়ই। নখের যত্নও কিন্তু একই ভাবে নিতে হবে। গরমের সময়ে হাতের নখ ভেঙে যাওয়ার প্রবণতা বাড়ে। এর প্রধান কারণ হল বাতাসে অতিরিক্ত আর্দ্রতা। বার বার হাত-মুখ ধোয়ার কারণে নখে ভিজে ভাব থেকে যাওয়ায় নখ দুর্বল হয়ে পড়ে। অল্প চাপেই ভেঙে যায়। তা ছাড়া এই সময়ে নখে ছত্রাকের সংক্রমণও ঘটে। আর তাই নখের বিশেষ যত্ন জরুরি। তবে তা করতে হবে নিয়ম মেনে। এর জন্য সালোঁয় ছোটার প্রয়োজন নেই। নখের ধরন বুঝে পার্লারের ম্যানিকিয়োর করার মতোই বানিয়ে নিন কিছু ঘরোয়া প্যাক।

Advertisement

শুষ্ক ও ভঙ্গুর নখের যত্ন

শরীরে আর্দ্রতার অভাব এবং অতিরিক্ত জল বা সাবানের ব্যবহারের কারণে নখ শুষ্ক ও ভঙ্গুর হয়ে পড়ে। এর জন্য জরুরি অলিভ অয়েল ও মধুর হাইড্রেটিং প্যাক। একটি ছোট পাত্রে ঈষদুষ্ণ জলে ১ চামচ অলিভ অয়েল এবং আধ চামচ খাঁটি মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটিতে নখগুলো ১০ থেকে ১৫ মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। এর পর হালকা হাতে নখের চারপাশে মালিশ করে সাধারণ জলে হাত ধুয়ে নিন। সপ্তাহে ৩ দিন এটি করুন।

হলদেটে নখের যত্ন

রান্নাঘরে হলুদ-মশলার সংস্পর্শে এলে নখ তার স্বাভাবিক গোলাপি আভা হারিয়ে হলদেটে ও প্রাণহীন দেখায়। এমন নখের জেল্লা ফেরাতে ১ চামচ বেকিং সোডার সঙ্গে আধ চামচ পাতিলেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। একটি নরম টুথব্রাশের সাহায্যে এই পেস্টটি নখের উপর আলতো করে স্ক্রাব করুন। ২-৩ মিনিট স্ক্রাব করার পর ৫ মিনিট রেখে ঈষদুষ্ণ জলে হাত ধুয়ে নিন। এর পর পর অবশ্যই হাতে নারকেল তেল বা ময়েশ্চারাইজ়ার মেখে নিতে হবে।

নরম ও পাতলা নখের যত্ন

শরীরে ক্যালশিয়াম বা প্রোটিনের ঘাটতি থাকলে নখ খুব তাড়াতাড়ি ভেঙে যায়। নখ শক্ত করতে পুষ্টির প্রয়োজন। সে জন্য প্রোটিনের জোগান দিতে হবে। একটি পাত্রে ১টি ডিমের কুসুম এবং ২ চামচ কাঁচা দুধ খুব ভাল করে ফেটিয়ে নিন। তুলোয় করে এই মিশ্রণ নিয়ে প্রতিটি নখে এবং নখের গোড়ায় ভাল করে প্রলেপ দিয়ে দিন। ২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা জলে হাত ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন এই প্যাকটি ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।

ছত্রাকের সংক্রমণ হলে

গরমে ঘামের কারণে পায়ের বা হাতের নখের কোনায় ছত্রাকের সংক্রমণ হয় অনেক সময়েই। এর ফলে নখ কালো দেখায়। এর জন্য ১ চামচ খাঁটি নারকেল তেলের সঙ্গে ৪-৫ ফোঁটা টি-ট্রি এসেনশিয়াল অয়েল খুব ভাল করে মিশিয়ে নখের উপরে ও চারপাশের ত্বকে লাগিয়ে নিতে হবে। সপ্তাহে তিন দিন ব্যবহারে সংক্রমণ কমবে।

Advertisement
আরও পড়ুন