Celebrity fashion trend

পুরুষদের ফ্যাশনে নতুন সংযোজন! গিন্নি প্রিয়ঙ্কার মঙ্গলসূত্রটি ব্রেসলেট হিসাবে পরে নজর কাড়লেন নিক

স্ত্রী প্রিয়ঙ্কার ছবি ‘দ্য ব্লাফ’-এর প্রচারের জন্য সম্প্রতি এক সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন নিক। ভিডিয়োয় নিকের হাতে দেখা যায় প্রিয়ঙ্কার মঙ্গলসূত্র।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪০
নিক পরলেন প্রিয়ঙ্কার মঙ্গলসূত্র।

নিক পরলেন প্রিয়ঙ্কার মঙ্গলসূত্র। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়ার জমাটি দাম্পত্য রসায়ন অনুরাগীরা বেশ পছন্দ করেন। যুগল তাঁদের দাম্পত্য জীবনের খুঁটিনাটি প্রায়ই সমাজমাধ্যমে প্রকাশ করেন। কখনও নিকের কনসার্টের দর্শকাসনে বসে প্রিয়ঙ্কার উদ্দাম নাচ, কখনও আবার প্রিয়ঙ্কার ফোটোশুটে এসে স্ত্রীর ছবি ক্যামেরাবন্দি করতে দেখা যায় নিককে। শুধু তা-ই নয়, ভারতীয় স্ত্রী প্রিয়ঙ্কার সঙ্গে পুজোপাঠ করতেও দেখা গিয়েছে নিককে। সম্প্রতি প্রিয়ঙ্কার প্রতি নিকের এক ছোট প্রয়াস মন ছুঁয়ে গেল তাঁদের অনুরাগীদের।

Advertisement

স্ত্রী প্রিয়ঙ্কার ছবি ‘দ্য ব্লাফ’-এর প্রচারের জন্য সম্প্রতি এক সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন নিক। ভিডিয়োয় তাঁর হাতে দেখা যায় প্রিয়ঙ্কার মঙ্গলসূত্র। স্ত্রীকে উৎসাহিত করতে তাঁর সবচেয়ে প্রিয় গয়নাটি ব্রেসলেট হিসাবে পরে নিয়েছেন নিক। এর আগে কিন্তু এমনটা কখনও চোখে পড়েনি ফ্যাশন দুনিয়ায়।

নিক-প্রিয়ঙ্কার ফ্যাশন ঘিরে বলিউড আর হলিউডে প্রায়ই আলোচনা হয়। নিক একজন সঙ্গীতশিল্পী, কিন্তু ফ্যাশনে তিনি প্রিয়ঙ্কার চেয়ে কোনও অংশেই কম যান না। স্যুট হোক বা ভারতীয় কুর্তা-পাঞ্জাবি— নিক কিন্তু সবেতেই বেশ স্বচ্ছন্দ। এ বার নিকের ফ্যাশনের অন্য দিক দেখতে পেলেন অনুরাগীরা। মঙ্গলসূত্র মূলত বিবাহিত মহিলাদের আভরণ হিসেবেই শোভা পায়। ভারতীয় ঐতিহ্য অনুসারে, স্বামীর মঙ্গল কামনার উদ্দেশ্যেই বিবাহিত মহিলারা মঙ্গলসূত্র পরেন। কিন্তু সে অর্থে ভারতীয় পরম্পরায় স্ত্রীর মঙ্গল কামনার জন্য স্বামীদের কোনও রকম অলংঙ্কার পরার চল নেই। তবে ছক ভাঙলেন নিক। প্রিয়ঙ্কার আগামী ছবির সাফল্যের কামনা করে আর স্ত্রীর পাশে থাকার জন্যই হাতে তাঁর মঙ্গলসূত্রটি পরে নিয়েছেন নিক, এমনটাই মনে করছেন যুগলের অনুরাগীরা। এর আগে কোনও তারকাকে এমনটা করতে দেখা যায়নি। পুরুষদের ফ্যাশনে নতুন সংযোজন করলেন নিক। তবে এই স্রোতে কি আদৌ গা ভাসাবেন ভারতীয় পুরুষেরা, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

Advertisement
আরও পড়ুন