রোদে বেরোলেও ঘাম হবে না, সেটিং স্প্রে বানান বাড়িতেই। ছবি: ফ্রিপিক।
কাঠফাটা রোদে আর ভ্যাপসা গরমে বাইরে বেরোলেই ত্বকের দফারফা হয়ে যাচ্ছে। একদিকে প্যাচপ্যাচে গরমে দরদর করে ঘাম হচ্ছে, অন্য দিকে মেকআপ গলে যাচ্ছে খুব দ্রুত। রোদে বেশি ক্ষণ থাকলেই মুখে জ্বালা অনুভূতি হচ্ছে, কালচে ছোপ পড়ে যাচ্ছে। গরমের সময়ে ত্বক যদি সতেজ ও তরতাজা রাখতে হয়, তা হলে ব্যাগে সেটিং স্প্রে রেখে দেওয়া জরুরি। সময়ান্তরে মুখে স্প্রে করে নিলেই অতিরিক্ত ঘাম হওয়া বন্ধ হবে, মেকআপ গলে যাওয়ারও চিন্তা থাকবে না। বাজারচলতি সেটিং স্প্রে-তে নানা রকম রাসায়নিক থাকে। তাই তৈরি করে নিন বাড়িতেই। একেবারেই ঘরোয়া উপকরণ দিয়ে দোকানের মতো সেটিং স্প্রে তৈরি হয়ে যাবে।
গোলাপ জল ও গ্লিসারিন স্প্রে
এটি সব ধরনের ত্বকের জন্য উপযোগী। মেকআপ করার পরে এই স্প্রে করলে দীর্ঘ সময় তা ত্বকের জেল্লা ধরে রাখবে। এটি বানাতে লাগবে আধ কাপ গোলাপ জল, ১ চামচ গ্লিসারিন। দু’টি উপকরণ ভাল করে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখুন। মেকআপের পর হালকা করে স্প্রে করে নিন। এটি ব্যাগেও রেখে দিতে পারেন। রোদে বেরিয়ে মুখ জ্বালা করলে স্প্রে করে নেবেন। এতে শীতল অনুভূতি আসবে।
অ্যালো ভেরা ও ভিটামিন ই স্প্রে
অতিরিক্ত ঘাম নিয়ন্ত্রণ হবে এবং ত্বকের দাগছোপও উঠে যাবে। ভিতর থেকে ত্বককে সতেজ করতে এই স্প্রে খুবই কার্যকরী হতে পারে। বানানোর পদ্ধতিও সহজ। ২ চামচ অ্যালো ভেরা জেল, ১ কাপ জল, ১টি ভিটামিন ই ক্যাপসুল নিতে হবে। প্রথমে ঈষদুষ্ণ জলে অ্যালো ভেরা জেল গুলে নিন। ঠান্ডা গলে এতে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। রোদে বেরিয়ে ত্বক লাল হয়ে যায় যাঁদের, তাঁদের জন্য এটি আরামদায়ক।
গ্রিন টি ও টি-ট্রি অয়েল স্প্রে
তৈলাক্ত ত্বকে ঘাম ও ব্রণর সমস্যা কমাতে এটি উপযোগী। প্রথমে জল গরম করে তাতে গ্রিন টি ব্যাগ ভিজিয়ে রাখুন কিছু ক্ষণ। এর পরে টি-ট্রি অয়েল ২-৩ ফোঁটা মেশান। এই জল স্প্রে বোতলে ভরে নিন। এটি ব্যবহার করলে সূর্যের অতিবেগনি রশ্মিতে ত্বকের ক্ষতি হবে না।
শসা ও লেবুর মিস্ট
প্রচণ্ড গরমে ত্বক ঠান্ডা রাখতে এর জুড়ি নেই। আধ কাপ শসার রস, ১ চামচ লেবুর রস ও আধ কাপের মতো জল নিয়ে নিন। শসা গ্রেট করে রস বার করে নিন। তাতে লেবুর রস ও জল মিশিয়ে বোতলে ভরে রাখুন। এটি ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখবে। রোদে বেরোনোর সময়ে এই স্প্রে বোতল ব্যাগে রাখতে ভুলবেন না।
চাল ধোয়া জল ও গোলাপ জলের সেটিং স্প্রে
চাল ধোয়া জলের সঙ্গে সমপরিমাণ গোলাপ জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। এই জল ত্বককে জেল্লাদার করে তুলবে, ব্রণ-র্যাশ বা গরমের সময়ে ঘামাচির সমস্যা থেকেও রেহাই দেবে। সান বার্নের কারণে ত্বকে কালচে দাগছোপ পড়লে, এই স্প্রে ব্যবহারে উপকার পেতে পারেন।