VIjay Rashmika Reception look

নামমাত্র গয়না, ‘সাদামাঠা’ পোশাক! প্রীতিভোজে বিজয়-রশ্মিকা দেখালেন কম সেজেও নজর কাড়তে হয় কী ভাবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ২০:০৫

ছবি: সংগৃহীত।

সেদিন ছিল বাহুল্য। আর এ দিন সংক্ষেপ! বিজয় দেবরকোন্ডা আর রশ্মিকা মন্দানার বিয়ের সাজ আর রিসেপশনের সাজে দেখা গেল এমনই আকাশ-পাতাল পার্থক্য। বিয়েতে কপাল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত গয়নায় মুড়ে এসেছিলেন বরবেশী নায়ক। হবু স্ত্রী রশ্মিকার সাজেও গয়না ছিল চোখে পড়ার মতো। রিসেপশনেও আরও বড় ‘ধামাকা’ আশা করেছিলেন ভক্তেরা। কিন্তু চেনা হিসাব গুলিয়ে দিতেই বোধ হয় ভালবাসেন এই জুটি। তাই রিসেপশনে তাঁরা হাজির হলেন নামমাত্র গয়না আর একেবারেই ‘সাদামাঠা’ দেখতে পোশাকে!

Advertisement

বিজয় পরেছিলেন খাঁটি দক্ষিণ ভারতীয় ঢঙের খাটো ঝুলের কুর্তা আর মুন্ডু বা ভেস্তি। যা আসলে লুঙ্গি মতো করে পরা ধুতি। দুধ-সাদা রঙের সিল্কের কাপড়ে নকশা বলতে কেবল রুপোলি জরির পাড়। এর সঙ্গে গলায় একটি বিছে হার আর কব্জিতে একটি রিস্টলেট পরেছিলেন তিনি। একেবারেই বাহুল্যবর্জিত পোশাক। অন্য দিকে, রশ্মিকা পরেছিলেন লাল রঙের মাইসোর সিল্ক। তার জমিতেও নকশা নেই। শুধু কালচে খয়েরি রঙের পাড়ে সোনালি জরির কাজ। যেমনটা যে কোনও সাধারণ দক্ষিণভারতীয় নকশার শাড়িতে দেখা যায়।

তবে তারকাদের সাদামাঠা সাজও খুঁটিয়ে দেখলে অনেকের মাথা ঘুরিয়ে দিতে পারে। রশ্মিকার শাড়িটি একটু বেশি নজর করে দেখলে যেমন দেখা যাবে, তার পাড়ে সোনালি জরির কাজের সঙ্গে জোড়া আছে সোনার রঙের হাতে বোনা জরির লেস, তাতে ঝলমলে সলমা চুমকির কাজ আলো পড়ে সোনার মতোই ঝিলিক দিচ্ছে। মুদ্রার মোটিফ দেওয়া পাড়েও ছোট ছোট সোনালি পুঁতি বুনে দেওয়া হয়েছে। এর সঙ্গে রশ্মিকা কোমরে পরেছেন একটি কোমর বিছে, গলায় হার, কানে চাঁদবালি। বিনুনি করা চুল মুড়ে নিয়েছেন শাড়ির জমির রঙের লাল ফুলে। বিজয়ের রুপোর হার-রিস্টলেটও আসলে রুপোর নয়। রুপোর রঙের সোনা। হোয়াইট গোল্ড। এর পাশাপাশি তাঁর বাঁ হাতের সরু ব্যান্ডের ঘড়িটিও নজর কেড়েছে।

হায়দরাবাদে ছিল জুটির বিয়ের প্রীতিভোজ। সাধারণত তারকাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় তাঁদের কর্মক্ষেত্রের সহকর্মী এবং পরিচিতদের। হাই এন্ড পার্টিতে তারকাদের পোশাক হয় বিয়ের দিনের থেকেও বেশি জমকালো। কিন্তু বিজয়-রশ্মিকা দেখিয়ে দিলেন কম সেজেও সবার মধ্যে আলাদা করে নজরে পড়া যায়।

Advertisement
আরও পড়ুন