2 finger sunscreen rule

ব্র্যান্ড নয়, পরিমাণই আসল! সানস্ক্রিন কতটা ও কী ভাবে মাখা উচিত? জানতে হবে ‘দুই আঙুলের নিয়ম’

সানস্ক্রিন মাখার নিয়ম আছে। তবেই তা রোদের তেজ থেকে বাঁচাবে। ত্বক চিকিৎসকেরা জানাচ্ছেন ‘২ ফিঙ্গার রুল’ মানতে হবে। সেটি কী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৮:২২
The Right Amount and Way to Apply Sunscreen for Maximum Sun Protection, Experts Explain

সানস্ক্রিন মাখার নিয়ম ‘২ ফিঙ্গার রুল’, সেটি কেমন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সারা দিনে সানস্ক্রিন কত বার মুখে মাখেন? কেউ বলবেন রাস্তায় বেরোনোর আগে এক বার, আবার কেউ বলবেন ঘামের জন্য উঠে গেলে আবারও লাগিয়ে নিতে হয়। ত্বকের চিকিৎসকেরা বলছেন, সানস্ক্রিন মাখার একটা বিশেষ পদ্ধতি আছে। সেই উপায়ে মাখলে বার বার সানস্ক্রিন লাগানোর ঝক্কি থাকবে না। এক বার মুখে, হাতে, গলায় মাখলেই সারা দিনের জন্য আপনি নিশ্চিন্ত। সে ক্ষেত্রে কতটা সানস্ক্রিন মাখছেন তা-ও জরুরি। ব্র্যান্ড নয়, আসলে সানস্ক্রিনের পরিমাণ ও মাখার পদ্ধতিই আসল।

Advertisement

সানস্ক্রিন মাখার নিয়ম কী?

সানস্ক্রিন কতটা মাখবেন ও কী ভাবে, সে নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ কসমেটিক সায়েন্স’-এ। সেখানে গবেষকেরা লিখছেন, ‘২ ফিঙ্গার রুল’ মানতে হবে। নিয়ম সহজ। হাতের দুই আঙুল মূলত তর্জনী ও মধ্যমার দৈর্ঘ্যের মাপে সানস্ক্রিন নিতে হবে। ওই পরিমাণ সানস্ক্রিনই মুখ ও গলার জন্য জরুরি। এর কমও নয়, বেশিও নয়। অনেকেই ভাবেন, একগাদা সানস্ক্রিন মেখে ফেললেই হয়তো ত্বকের ভাল হবে। তাতে হিতে বিপরীত হয়। অনেকেরই ত্বকের জ্বালা হয়, র‌্যাশও বেরিয়ে যায়। আবার কেউ কেউ এত কম পরিমাণে সানস্ক্রিন মাখেন, যা ত্বকের সঠিক সুরক্ষা দিতে পারে না। তাই সঠিক পরিমাণটা হল ওই তর্জনী ও মধ্যমার মাপের সানস্ক্রিনই।

এ বার আসা যাক মাখার পদ্ধতিতে। 'ক্লিনিক্যাল কসমেটিক অ্যান্ড ইনভেস্টিগেশনাল ডার্মাটোলজি জার্নাল'-এ প্রকাশিত এক গবেষণাপত্রে লেখা হয়েছে, সানস্ক্রিন কেবল এক বার মাখলে হবে না। মাখতে হবে দু’টি স্তরে। একে বলা হচ্ছে ‘ডবল লেয়ার রুল’। সেটা কী?

প্রথম বার ভাল করে মুখে, গলায়, হাতে সানস্ক্রিন মেখে নিন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। সানস্ক্রিন ত্বকে বসে গেলে আবারও মাখুন। এই ভাবে ত্বকের উপরে সানস্ক্রিনের দু’টি স্তর তৈরি হবে। এই দুই স্তর দীর্ঘ সময়ের জন্য ত্বককে সুরক্ষা দেবে। এর কিছু সুবিধাও আছে। সূর্যের অতিবেগনি রশ্মি সানস্ক্রিনের দুই স্তর ভেদ করে ত্বকের উপর প্রভাব ফেলতে পারবে না। তাই এই ভাবে যদি সানস্ক্রিন মাখা হয়, তা হলে দীর্ঘ সময় রোদে থাকলেও মুখে চট করে দাগছোপ পড়বে না।

এ দেশের আবহাওয়ায় এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিনই ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। ত্বকে ব্রণ, ফুসকুড়ির সমস্যা না থাকলে এসপিএফ ৩০ সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। তবে ত্বক খুব স্পর্শকাতর হলে বা ত্বকে কোনও সমস্যা থাকলে সানস্ক্রিন ‘ডবল লেয়ার’ পদ্ধতিতে দু’বার ব্যবহার করবেন কি না, তার জন্য ত্বক চিকিৎসকের পরামর্শ নেওয়াই উচিত।

Advertisement
আরও পড়ুন