Skin Care with Milk Malai

রোদের তাপে পুড়ছে ত্বক? দুধের সর দিয়ে ত্বকচর্চা করতে পারেন ঘরে, ৩ উপায়ে দূর করুন ট্যান

রোদে ঘোরাফেরার পর ট্যান দূর করতে ঘরোয়া এক কৌশল মেনে দেখতে পারেন। সৌজন্যে আপনার বাড়ির সেই হেঁশেলই, সেই পুরনো প্রথাই। কী ভাবে ব্যবহার করবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৯:৪৯
ত্বকচর্চায় দুধের সর।

ত্বকচর্চায় দুধের সর। ছবি: এআই সহায়তায় প্রণীত।

গরমে রোদে পুড়ে ত্বক নিস্তেজ হয়ে আসছে? এই সময়ে দামি প্রসাধনীর বদলে ঘরোয়া টোটকার আশ্রয় নেন অনেকেই। ত্বক থেকে ট্যান তুলতে কেউ মাখেন হলুদ বা বেসন, কেউ বা আলুর রস, কেউ আবার অ্যালো ভেরা জেল। কিন্তু তাতে কাজ না দিলে আরও একটি কৌশল মেনে দেখতে পারেন। সৌজন্যে আপনার বাড়ির সেই হেঁশেলই, সেই পুরনো প্রথাই। আর তা হল, দুধের সর। সহজলভ্য আর কার্যকরও বটে। দুধের সর দিয়ে প্রাকৃতিক উপায়ে ত্বকচর্চা করে অনেকেই উপকৃত হন। হয়তো আপনিও রোদে পোড়া ত্বক থেকে রেহাই পেতে পারেন।

Advertisement

অনেকেই নস্টালজিয়া হিসাবে দুধের সরকে পাশ কাটিয়ে চলে যান। কিন্তু সত্যিই বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে এই টোটকার। দুধের সরে থাকা প্রাকৃতিক ফ্যাট, প্রোটিন এবং ল্যাক্টিক অ্যাসিড ত্বককে ভিতর থেকে আর্দ্র রাখে এবং শুষ্কতা কমায়। একই সঙ্গে এটি ত্বকের উপর একটি সুরক্ষার স্তর তৈরি করে, যা বাইরের রুক্ষ পরিবেশের প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। ল্যাক্টিক অ্যাসিড আসলে দুর্দান্ত এক আলফা হাইড্রক্সি অ্যাসি়ড (এএইচএ)। এটি মূলত ত্বকের উপরের মৃত কোষ দূর করে ঔজ্জ্বল্য বাড়ানোর জন্য সুপরিচিত।

ল্যাক্টিক অ্যাসিড যখন এক্সফোলিয়েশনের কাজে ব্যস্ত থাকে, সেই সময়ে প্রাকৃতিক ফ্যাট ত্বকের বাইরের স্তরকে পুষ্টির জোগান দিতে থাকে এবং সুরক্ষা স্তরকে মেরামত করে। পাশাপাশি, ত্বকের আর্দ্রতা বাড়াতে পারে ফ্যাটের অংশ। তাই রোদে পোড়া ত্বককে বাঁচানোর জন্য দুধের সর দিয়ে ফেসপ্যাক তৈরি করে ঘরেই ত্বকচর্চা করতে পারেন। সালোঁয় গিয়ে ট্যান রিমুভাল ফেসিয়াল করানোর প্রয়োজন নেই বার বার।

দুধের সর দিয়ে কী ভাবে ফেসপ্যাক বানাবেন?

১. দুধের সর ও হলুদ: কারকিউমিনের গুণে ভরা হলুদ মেশালে দুধের সরের ফেসপ্যাকে যোগ হবে প্রদাহনাশী এবং অ্যান্টি-অক্সিড্যান্টের বৈশিষ্ট্য। এর ফলে ত্বক অতিরিক্ত মেলানিন উৎপাদন করতে পারে না। এক টেবিল চামচ দুধের সরে এক চিমটে হলুদ মিশিয়ে ১৫-২০ মিনিট মুখে মেখে রাখুন। তার পর ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

২. দুধের সর ও বেসন: এক টেবিল চামচ সরের সঙ্গে এক টেবিল চামচ বেসন ও অল্প গোলাপজল মিশিয়ে মুখে মাখলে ট্যান দূর হবে দ্রুত। ত্বকের মৃত কোষ উঠে গিয়ে ত্বক তুলনামূলক ভাবে কোমল দেখাবে।

৩. দুধের সর ও লেবুর রস: দুধের সরে লেবুর রস মিশিয়েও ব্যবহার করা যায়। দুধের সরের সঙ্গে ভিটামিন সি-র মিশ্রণে ট্যানও যেমন ওঠে, তেমনই ত্বকের ঔজ্জ্বল্যও বাড়তে পারে। এক টেবিল চামচ সরের সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে খানিক ক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

Advertisement
আরও পড়ুন