Morning vs Night Skin care

সকাল আর রাতে একই ক্রিম, একই সিরাম মাখেন? দুই সময়ের রূপচর্চা কেন আলাদা হওয়া দরকার

দিন আর রাতের ত্বকের যত্ন একেবারেই আলাদা। কোন সময় কী ভাবে ত্বকের যত্ন নেবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৬
রাত এবং দিনের ত্বকচর্চায় মূল তফাত কোথায়, কী ভাবে তা করা দরকার?

রাত এবং দিনের ত্বকচর্চায় মূল তফাত কোথায়, কী ভাবে তা করা দরকার? ছবি: এআই সহায়তায় প্রণীত।

ঘুম থেকে উঠলেন। মুখ ধুয়ে ময়েশ্চারাইজ়ার, সানস্ক্রিন, সিরাম মেখে বেরিয়ে গেলেন। রাতে শুধু বাদ গেল সানস্ক্রিন। কিন্তু সকাল আর রাতে কি ত্বকের যত্ন নেওয়ার পন্থা একই রকম হওয়া উচিত? রূপচর্চার সঙ্গে যুক্ত পেশাদাররা বলছেন, বিষয়টি মোটেও এত সরল নয়।বরং সকাল এবং রাতে ত্বকের যত্নের লক্ষ্য আলাদা।

Advertisement

দিনের রূপচর্চার লক্ষ্য হওয়া উচিত চড়া রোদ, ধুলো, দূষণ থেকে ত্বককে রক্ষা করা। রাত হল ত্বকের পুনরুজ্জীবনের সময়। ক্ষতিগ্রস্ত কোষ ঘুমের সময় মেরামত হয় নিজে থেকেই। এই সময় ত্বকের জন্য দরকার হয় বাড়তি আর্দ্রতারও। সুতরাং লক্ষ্য, উদ্দেশ্য যখন আলাদা, তখন ত্বকের যত্নই বা কী করে এক হয়?

ক্লিনজ়ার: সকালে ক্লিনজ়ার বা ফেসওয়াশ ব্যবহারের লক্ষ্য হল মুখের ঘাম, অতিরিক্ত ক্রিম বা ময়লা বার করে দিনের জন্য ত্বককে প্রস্তুত করা। সেই একই ক্লিনজ়ারের লক্ষ্য বদলে যায় রাতে। বাইরে বেরোনোর সময় সাজগোজ করেন অনেকেই। তা ছাড়া দিনের শেষে মুখে ধুলো-ময়লা লেগে থাকে। তাই রাতে ফেরার পরে প্রথম কাজটি হবে মেকআপ এবং ময়লা তোলার জন্য মাইসেলার ওয়াটার বা অয়েল বেস্‌ড রিমুভার ব্যবহার করা। তার পর ফেসওয়াশ বা স্ক্রাব ব্যবহার করে মুখ ভাল করে পরিষ্কার করতে হবে।

সিরাম: সকাল বা রাতের সিরাম কখনওই এক হতে পারে না। বেশ কিছু সিরাম আছে আলোক সংবেদনশীল। সেগুলি মেখে রোদে গেলে ত্বক কালো হয়ে যাবে। যেমন রেটিনল, এটি বলিরেখা দূর করার জন্য অত্যন্ত কার্যকর। কিন্তু রেটিনল মেখে রোদে বেরোলেই মুখে কালচে ছোপ পড়বে। এটি রাতের ত্বকচর্চার কথা ভেবেই তৈরি। আবার হায়ালুরোনিক অ্যাসিড ব্যবহার করা যায় রাত এবং দিন দুই সময়েই। গ্লাইকোলিক, ভিটামিন সি সিরাম দিনেও ব্যবহার করা যায়।

ময়েশ্চারাইজ়ার: দিনের বেলা রোদের তাপে ঘাম হতে পারে। এই সময় হালকা কোনও ময়েশ্চারাইজ়ার মাখা ভাল। কিন্তু রাতের রূপচর্চায় এমন ময়েশ্চারাইজ়ার বেছে নিতে হবে, যা রাতভর ত্বকের আর্দ্রতা ধরে রাখবে এবং ত্বককে পুষ্টি জোগাবে। ময়েশ্চারাইজ়ারের বদলে রাতের জন্য ‘নাইট ক্রিম’-ও বেছে নেওয়া যায়।

সানস্ক্রিন: দিনের রূপচর্চায় সানস্ক্রিন অপরিহার্য। সূর্যের অতি বেগনি রশ্মি ত্বকের ক্ষতি করে, রুক্ষ ভাব আনে মুখে। সানস্ক্রিন সেই ক্ষতির হাত থেকেই ত্বককে রক্ষা করে। তবে রাতে রোদ থাকে না বলে তার প্রয়োজন হয় না। কিন্তু মোবাইল বা ল্যাপটপে দীর্ঘক্ষণ কাজ করলে ব্লু-লাইট থেকে ত্বকের সুরক্ষার প্রয়োজন হয়। এই জন্য বিশেষ ক্রিম পাওয়া যায়। প্রয়োজনে সেটি ব্যবহার করা দরকার।

Advertisement
আরও পড়ুন