Koel Mallick

রবিবারেও ব্যস্ত কোয়েল! ছুটির দিনে ছেলে কবীরকে ছেড়ে কোথায় সময় কাটাচ্ছেন অভিনেত্রী?

‘মিতিন মাসি’ সিরিজ়ের নতুন ছবির শুটিং শুরু করে দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ছবির চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে রবিবারেও ব্যস্ত অভিনেত্রী। কোন কাজ করছেন তিনি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৪ ১৬:২৩
Bengali actress Koel Mallick’s commitment to fitness is inspiring

কিসে ব্যস্ত কোয়েল? ছবি: সংগৃহীত।

রবিবার মানেই ছুটির মেজাজ, সারা সপ্তাহের ক্লান্তি কাটানোর দিন। একটু দেরি করে ঘুম থেকে ওঠা, পরিবারের সঙ্গে সময় কাটানো, নিজের পরিচর্যা করা, বাইরে ঘুরতে যাওয়া কিংবা সিনেমা দেখা— ছুটির দিনটা আর পাঁচজন মানুষ এ ভাবেই কাটান। তবে ছুটির দিনেও ব্যস্ত অভিনেত্রী কোয়েল মল্লিক। এই মুহূর্তে কোয়েলের অভিধান থেকে ‘বিশ্রাম’ শব্দটি মুছে গিয়েছে— এ কথা বললে ভুল হবে না। সদ্য ‘সোনার কেল্লায় যকের ধন’ ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী। তার সপ্তাহখানেকের মধ্যেই অভিনেত্রী ‘মিতিন মাসি’ সিরিজ়ের নতুন ছবির শুটিং শুরু করে দিয়েছেন। ছবির চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে রবিবারেও জিমমুখী হয়েছেন কোয়েল।

Advertisement

রবিবার সকাল সকাল কোয়েল একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, জিমে গিয়ে ভারী ওজন নিয়ে শরীরচর্চায় মগ্ন অভিনেত্রী। ভিডিয়োর বিবরণীতে অভিনেত্রী লিখেছেন, ‘‘অল্প অনুশাসন ও নিয়মানুবর্তিতা, শুধু এইটুকুই তো চাই!’’

‘মিতিন মাসি’র নতুন সিরিজ়ে বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্য রয়েছে। কয়েক দিন আগেই আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েল বলেন, ‘‘আমি দর্শককে নিরাশ করতে চাই না। তাই যতটা সময় পেয়েছি, নিজের ডায়েট এবং জিমের উপর মনোনিবেশ করেছি। কারণ, এ বার মিতিনকে দর্শক প্রচুর মারপিট করতে দেখবেন।’’ চরিত্রের খাতিরে ফিটনেস নিয়ে কোনও রকম আপস করতে নারাজ কোয়েল। তাই ছুটির দিনেও ছেলে কবীরের সঙ্গে সময় না কাটিয়ে জিমে শরীরচর্চা করতে ব্যস্ত তিনি।

মিতিনের চরিত্রকে শুরু থেকেই কোয়েল ‘স্বপ্নের চরিত্র’ হিসেবে উল্লেখ করেছেন। কোয়েল বললেন, ‘‘প্রতিবাদ করুন বা না করুন, মহিলারা দিনের শেষে বিজয়ী। যে কোনও মহিলার মধ্যেই আমি মিতিনকে দেখতে পাই।’’ সমাজমাধ্যমেও অনুরাগীদের তরফে মিতিন চরিত্রে ঘন ঘন অভিনয়ের অনুরোধ আসে বলে জানিয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন