Egg recipes for protein diet

পোচ-অমলেট নয়, ডায়েটে থাক ডিমের ভিন্ন স্বাদের কিছু রান্না, প্রোটিন থাকবে, রুচিও বদলাবে

ডিম দিয়ে একঘেয়ে ঝোল বা অমলেট নয়। বরং দেশ-বিদেশের কিছু রান্না শিখে নিলে স্বাদ বদলাবে, ভরপুর প্রোটিনও পাওয়া যাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৫:৩৯
Creative Continental & Fusion Egg Dishes for Fitness Lovers

শাকশুকা থেকে আকুরি, ডিম দিয়ে ভিন্ন স্বাদের কিছু রান্নার প্রণালী রইল। ছবি: ফ্রিপিক।

সকালের জলখাবারে ডিম খাওয়া পছন্দ অনেকেরই। এখন প্রোটিন ডায়েট নিয়ে যা হিড়িক পড়েছে, তাতে সকাল থেকে রাত অবধি মাছ, মাংস বা ডিম অথবা উদ্ভিজ্জ প্রোটিনেই বেশি জোর দিতে বলা হচ্ছে। রোজ সকালে দু’টি ডিমসেদ্ধ খেয়ে যাঁরা অফিসে যান, তাঁরা স্বাদ বদলাতে ডিম দিয়ে অন্য রকম কিছু রান্না করতে পারেন। কম ক্যালোরি ও বেশি পুষ্টিগুণ সম্পন্ন তেমনই কিছু রান্নার প্রণালী রইল, যা ভরপুর প্রোটিনের জোগান দেবে, আবার স্বাদেও বদল আনবে।

Advertisement

ডিমের শাকশুকা

উপকরণ

৪টি ডিম

১ কাপ পেঁয়াজ, রসুন ও কাঁচালঙ্কাকুচি

১টি গোটা টম্যাটো কুচোনো

লাল-হলুদ-সবুজ ক্যাপসিকাম আধ কাপ

চিজ় ২ চামচ

মাখন ২ চামচ

নুন ও গোলমরিচ স্বাদমতো

ডিমের শাকশুকা।

ডিমের শাকশুকা। ছবি: ফ্রিপিক।

প্রণালী

উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অত্যন্ত জনপ্রিয় এই রান্না। কম তেলে হরেক রকম সব্জি দিয়ে এই পদ রাঁধা হয়, ফলে তা প্রোটিন ও ফাইবারে ভরপুর। ফ্রায়িং প্যানে মাখন গরম করে তার মধ্যে রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। এ বার ক্যাপসিকামকুচি দিয়ে নাড়াচাড়া করুন। মিনিটখানেক পরে টম্যাটো, কাঁচালঙ্কাকুচি দিন। চিনি আর গোলমরিচ দিয়ে আঁচ কমিয়ে চাপা দিয়ে রাখুন। তার পর ঢাকা খুলে কিছুটা চিজ় গ্রেট করে দিয়ে দিন। এ বারে ডিমগুলি খুব সাবধানে মাঝখান থেকে ফাটিয়ে পোচের মতো ঝোলের উপরে সাজিয়ে দিন। সামান্য নুন ও গোলমরিচ ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন। নামানোর আগে উপর থেকে ধনেপাতাকুচি, কাঁচালঙ্কাকুচি ও পেঁয়াজকুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

ইটালিয়ান এগ ফ্রিতাতা

উপকরণ

৪টি ডিম

১ কাপ কুচোনো পালংশাক

আধ কাপ মাশরুম

আধ কাপ পেঁয়াজ ও টম্যাটো কুচি

১ চামচ মাখন

১ চামচ গোলমরিচগুঁড়ো

১ চামচ গ্রেট করা চিজ়

নুন স্বাদমতো

ইটালিয়ান এগ ফ্রিতাতা।

ইটালিয়ান এগ ফ্রিতাতা। ছবি: ফ্রিপিক।

প্রণালী

ইটালীয় ধাঁচে তৈরি অমলেট, যা প্রচুর সব্জি দিয়ে বেক করে বানানো হয়। কম কার্বোহাইড্রেট ও বেশি প্রোটিন সমৃদ্ধ ডায়েট করলে, এটি খেয়ে দেখতে পারেন। একটি পাত্রে ডিমগুলি সামান্য নুন ও গোলমরিচগুঁড়ো দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। নন-স্টিক প্যানে মাখন বা তেল গরম করে পেঁয়াজ, মাশরুম এবং পালংশাক দিয়ে ৩-৪ মিনিট হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখুন। সব্জি সেদ্ধ হলে উপর থেকে ফেটানো ডিমের মিশ্রণ ঢেলে দিন। আঁচ কমিয়ে টম্যাটো কুচি ও গ্রেট করা চিজ় দিয়ে দিন। প্যানটি ঢাকা দিয়ে কম আঁচে ৮-১০ মিনিট রান্না হতে দিন। ডিম লালচে হয়ে এলে ও উপরটা জমে গেলে ত্রিকোণ আকারে কেটে পরিবেশন করুন।

এগ আকুরি

দেশে পারসি সম্প্রদায়ের খুব পছন্দের একটি রান্না। সাধারণ স্ক্র্যাম্বলড এগ বা ডিমের ভুজিয়ার থেকে অনেক বেশি সুস্বাদু হয়।

উপকরণ

৩টি ডিম

আধ কাপ পেঁয়াজকুচি

১টি ছোট টম্যাটো কুচোনো

১ চামচ কাঁচালঙ্কাকুচি

আধ চা চামচ আদা কুচি

আধ কাপ ধনেপাতা ও পুদিনাপাতাকুচি

এগ আকুরি।

এগ আকুরি। ছবি: ফ্রিপিক।

৩ চামচ দুধ

১ চামচ মাখন

এক চিমটে হলুদ ও জিরেগুঁড়ো

স্বাদমতো নুন ও গোলমরিচ গুঁড়ো

প্রণালী

একটি বাটিতে ডিম, দুধ, নুন ও গোলমরিচগুঁড়ো একসঙ্গে খুব ভাল করে ফেটিয়ে রাখুন। প্যানে মাখন বা তেল গরম করে আদাকুচি, কাঁচালঙ্কা ও পেঁয়াজকুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। এ বার টম্যাটোকুচি, হলুদ ও জিরেগুঁড়ো দিয়ে ১ মিনিট রান্না করুন। আঁচ একেবারে কমিয়ে দিয়ে ফেটানো ডিমের মিশ্রণটি ঢেলে দিন এবং অনবরত নাড়তে থাকুন। উপর থেকে ধনেপাতাকুচি ছড়িয়ে নামিয়ে নিন।

Advertisement
আরও পড়ুন