Hibiscus Plant Care Tips

জবা গাছ দৈর্ঘ্যে বাড়লেও ফুলের সংখ্যা কম! সারের অভাব না পরিচর্যায় ভুল থেকে যাচ্ছে?

জবা গাছ সতেজ অথচ ফুল ধরছে না? পরিচর্যায় কোন ফাঁক থাকলে এমন সমস্যা হতে পারে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ২০:৫৮
জবা গাছে বেশি ফুল ফোটাতে হলে কোন ভুল এড়ানো দরকার?

জবা গাছে বেশি ফুল ফোটাতে হলে কোন ভুল এড়ানো দরকার? ছবি:সংগৃহীত।

জবা গাছের সুবিধা হল এর বিশেষ পরিচর্যার দরকার পড়ে না। ঠিকমতো জল-হাওয়া পেলেই তা বেড়ে ওঠে। কিন্তু সমস্যা হল, অনেক সময়ে গাছ বাড়লেও, ৪-৫টির বেশি ফুল হয় না। ফুল হলেও আকারে হয় ছোট। কী ভাবে যত্ন নিলে জবা গাছে ফুলের সংখ্যা বাড়বে?

Advertisement

· অনেক সময়ে পাতা সবুজ এবং সতেজ হলেও গাছে কুঁড়ি আসে না। এর জন্য প্রয়োজন সঠিক পন্থায় গাছ ছাঁটা। প্রতিটি ডালের অগ্রভাগ অল্প করে ছেঁটে দিন। নরম প্রশাখাগুলিকে পাতা-সহ কাঁচি দিয়ে কেটে দিন। এতে কুঁড়ি আসার সম্ভাবনা বাড়বে।

· জবা গাছের গোড়ায় জল জমলে, শিকড় পচে যেতে পারে। আবার মাটি ঠিকমতো না থাকলে, গাছের পুষ্টিরস শোষণেও সমস্যা হতে পারে। প্রথমেই দেখা দরকার, গাছের গোড়ায় জল বসছে কি না। যদি তা হয়, টব থেকে ধীরে গাছ বার করে নিন। গোড়ার মাটি আলগা করে দিন। ঝুরঝুরে বেলে-দোঁআশ মাটিতে গোবর সার বা জৈব সার প্রয়োগ করে গাছ বসান। এতে গাছের গোড়ায় জল বসবে, গাছ প্রয়োজনীয় পুষ্টি পাবে মাটি থেকে।

· গাছে অনেক সময়‌ে পোকার আক্রমণ হয়। মাটি ভিজে থাকলে গাছ রোগগ্রস্ত হতে পারে। টবের মাটির উপরিভাগ অল্প খুঁড়ে দিয়ে গোড়ায় নিম খোল দিন অল্প পরিমাণে। মাসে একবার দিলেই হবে। নিমখোল মাটিতে পুষ্টি জোগাতে সাহায্য করবে।

· জবাগাছ রোদ পছন্দ করে। অন্তত ৬ ঘণ্টা যাতে গাছটি সূর্যালোক পায়, তা নিশ্চিত করা দরকার।

Advertisement
আরও পড়ুন