Dirty Tea Latte

দুধ চায়ে নানা জিনিস মিশিয়ে তৈরি হচ্ছে ‘ডার্টি টি’! সাধ করে ‘ময়লা চা’ খাচ্ছেন কফিপ্রেমীরাও

এমনই আকর্ষণ যে কফিপ্রেমীরাও চাইছেন ডার্টি টি লাতে। মেনুতে না থাকলেও বানিয়ে দিতে হচ্ছে। কারণ, তা না হলে যুগের সঙ্গে তাল মেলাতে পারছেন না বলে দেগে দিতে পারে ক্যাফেপ্রেমী প্রজন্ম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৮:২০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

চায়ের নাম ময়লা! বা আরও কথ্য ভাষায় বললে ‘নোংরা’, ‘ডার্টি’। কেন এমন নাম? সে প্রশ্ন পরের। তার আগে যেটা জানার, তা হল ওই ‘ময়লা চা’ই এই মুহূর্তে দেশি এবং বিদেশি ক্যাফেতে ‘সেলিং লাইক হট কচৌরি’!

Advertisement

মানুষ কফি খাচ্ছেন না। এলাচ, লবঙ্গ, আদা দেওয়া মশলা চাও খাচ্ছেন না। তার বদলে চাইছেন ‘ডার্টি টি লাতে’! এমনই তার আকর্ষণ যে কফিপ্রেমীরাও মজেছেন। ফলে মেনুতে না থাকলেও বানিয়ে দিতে হচ্ছে। কারণ, তা না হলে যুগের সঙ্গে তাল মেলাতে পারছে না বলে দেগে দিতে পারেন ক্যাফেপ্রেমী প্রজন্ম।

জিনিসটি আসলে কি?

‘ডার্টি টি’ আদতে দুধ চায়ের সঙ্গে নানা উপকরণ মিশিয়ে তৈরি এক অন্য ধরনের চা। মজার ব্যাপার হল, ‘ডার্টি টি লাতে’ বিদেশে এখন খাওয়া হচ্ছে ঠিকই, কিন্তু এ জিনিসের এক আদিরূপ বাঙালিরা খাচ্ছেন বহুকাল থেকেই। নামটা শুধু এমন বিদেশি ছিল না। বাহারিও ছিল না। সে পানীয়ের নাম ছিল ‘চা-ফি’। রেসিপিও সোজাসাপটা। গরম চায়ের কাপেই একটু কফির গুঁড়ো ছড়িয়ে গুলে দেওয়া। ‘ডার্টি টি লাতে’ সেই চা-ফিরই এক পরিমার্জিত আধুনিক এবং ঝকঝকে সংস্করণ।

কী ভাবে বানানো হয় ‘ডার্টি টি লাতে’?

মূলত বিভিন্ন মশলা দিয়ে তৈরি চায়ের সঙ্গে এসপ্রেসো কফির একটি শট অর্থাৎ ৩০ মিলি জল ছাড়া এসপ্রেসো কফি মেশানো হয়। তার সঙ্গে মেশানো হয় ফোটানো ফেনাদার দুধ। ফলাফল যেটা হয়, তা মশলা চা আর কাফে লাতের মাঝামাঝি এক পানীয়। আর এই নতুন ধরনের পানীয়েরই নাম ‘ডার্টি টি লাতে’। যার প্রেমে মজেছেন চা-কফি প্রেমীরা।

ডার্টি টি-র সমনামীরা

একই ধরনের চা আরও বিভিন্ন নামে দুনিয়ার বিভিন্ন ক্যাফেতে খাওয়া হচ্ছে। নানা নামে এই পানীয় ক্যাফের মেনুর অন্তর্ভুক্তও হয়েছে। তেমনই কয়েকটি নাম হল— এসপ্রেসো চায়ে, জাভা চায়ে, রেড আই চায়ে, চায়ে চার্জার, এমনকি টাফ গাই চায়ে নামের চা-ফিও পাওয়া যাচ্ছে।

কারা খাচ্ছেন?

তাঁরাই, যাঁরা কফির জোরালো স্বাদ পছন্দ করেন না। কিংবা চা খেতেও ততটা অভ্যস্ত নন। এই ডার্টি টি লাতে, তাঁদের কফি এবং চা, দুই দুনিয়ারই এক মিলিজুলি স্বাদের ভাগ নিতে দিচ্ছে।

কী ভাবে খাচ্ছেন?

গরম পানীয় হিসাবে তো বটেই, কোল্ড টি-কোল্ড কফির মতো বাহারি গ্লাসে সাজিয়ে ঠান্ডা ডার্টি টিও খাচ্ছেন মানুষ। মূলত তিনটি তরল মিশছে এই পানীয়ে। ১। ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা, গোলমরিচ, তারামৌরি, তেজপাতা এবং চা পাতা দিয়ে তৈরি কালো চা এক ভাগ ২। দু’ভাগ ঘন ফোটানো ফেনাদার দুধ এবং ৩। এক ভাগ এসপ্রেসো শট। তবে কেউ কেউ আরও কড়া স্বাদ পেতে চাইলে এসপ্রেসোর শট আরও একটি বাড়িয়ে নিচ্ছেন। ওই ধরনের কড়া ‘ডার্টি টি’কে বলা হচ্ছে ডোপিও। অবশ্য কোল্ড টি প্রেমীরা অনেক সময় এই চা থেকে দুধ বাদও দিচ্ছেন, শুধুই বরফ দিয়ে খাচ্ছেন।

আপনি কি খাবেন?

পুরোটাই নিজের স্বাদের পছন্দের উপর। তবে এ জিনিসের স্বাদ এক বার নিয়ে দেখাই যেতে পারে। কফির সঙ্গে ভারতীয় মশলার মিশেল হতাশ না-ও করতে পারে আপনাকে।

Advertisement
আরও পড়ুন