Tadka Fixing Tips

ছোট ছোট ভুলেই স্বাদ নষ্ট হতে পারে রান্নার, নিখুঁত ভাবে ফোড়ন দেবেন কোন কৌশলে

ফোড়ন দেওয়া রান্নার খুব সূক্ষ্ম একটি প্রক্রিয়া। তেল, মশলা আর তাপ— এই তিনের সামান্য ভারসাম্য নষ্ট হলেই স্বাদ বদলে গিয়ে সেটি তেতো হয়ে যায়। কী ভাবে শুধরে নেবেন এই ভুল?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৯:২৮
ফোড়ন দেওয়ার সময়ে কোন ভুল হয়?

ফোড়ন দেওয়ার সময়ে কোন ভুল হয়? ছবি: সংগৃহীত।

রান্নায় ফোড়নের শৈলী বড়ই গুরুত্বপূর্ণ। ডাল, তরকারি, খিচুড়ির মতো সুস্বাদু এবং আরামদায়ক পদের স্বাদ যেন এই ছোট্ট ধাপের উপরেই নির্ভরশীল। অথচ অনেক সময়ে দেখা যায়, ঠিক এই ধাপের কারণেই গোটা রান্নার স্বাদ নষ্ট হয়ে গেল। ছোট কিছু ভুলে খাবারের স্বাদ তেতো করে দিতে পারে ফোড়ন। প্রশ্ন হল, এত সাধারণ একটি জিনিসে ভুলটা কোথায় হচ্ছে? অনেকেই সে দিকে নজর দেন না বলে ভুল সংশোধনের অবকাশও থাকে না।

Advertisement
ফোড়ন দেওয়ার কৌশল শিখে নিন।

ফোড়ন দেওয়ার কৌশল শিখে নিন। ছবি: সংগৃহীত

প্রথমেই জানতে হবে, ফোড়ন কেন তেতো হয়ে যায়। ফোড়ন দেওয়া রান্নার খুব সূক্ষ্ম একটি প্রক্রিয়া। তেল, মশলা আর তাপ— এই তিনের সামান্য ভারসাম্য নষ্ট হলেই স্বাদ বদলে গিয়ে সেটি তেতো হয়ে যায়।

কী কী ভুল হয়, কী ভাবে সংশোধন করা যায়

১. তেলের তাপমাত্রা ঠিক না থাকা: উনুনের গরমে তেলের ধোঁয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করলে, মশলা সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে। এই পোড়া স্বাদই তেতো হয়ে ওঠে। তাই মাঝারি আঁচে তেল গরম করেই মশলা ঢালতে হবে পাত্রে। তবে গরম না হওয়া তেলে মশলা ঢাললে চলবে না। তা হলে মশলার স্বাদই ফুটবে না।

২. মশলার ক্রম ঠিক না থাকা: কিছু উপকরণ খুব দ্রুত ভাজা হয়ে যায়, কিছু আবার সময় নেয়। কয়েক সেকেন্ড বেশি হলেই পুড়ে গিয়ে তেতো স্বাদ এনে দেয় সেই সমস্ত উপকরণ। তাই এ ধরনের মশলা পরে দিতে হয়, আর অন্যান্যগুলি আগে। তা ছাড়া গোটামশলা (সর্ষে বা জিরে ইত্যাদি) কড়াইয়ে আগে ঢালা উচিত। তার পর আদা, রসুনের মতো মশলা। শেষে গুঁড়ো মশলা যোগ করতে হবে।

৩. সময়ের খেয়াল না রাখা: ফোড়ন মানে কয়েক সেকেন্ডের কাজ। কয়েক সেকেন্ডেই মশলা ফেটে ওঠে। স্বাদ ও ঘ্রাণ বার হয়। সেই সময়েই পরের ধাপ শুরু করে ফেলতে হবে। যেন কোনও ভাবে এক সেকেন্ডও দেরি না হয়।

৪. সঠিক মশলা ব্যবহার না করা: বাসি মশলা ব্যবহার করলে রান্নার স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। তাই টাটকা, সুবাসে ভরা মশলাপাতিই ফোড়নের জন্য বরাদ্দ রাখুন।

৫. ঠিক সময়ে পাত্র থেকে না সরানো: ডালে ফোড়ন দেবেন বলে তেলে মশলা ভেজে নিয়েছেন। গ্যাসের আঁচও বন্ধ করে দিয়েছেন। কিন্তু কড়াই থেকে ডালের উপর ঢালেননি ঠিক সময়ে— এমন পরিস্থিতিতেও ফোড়নের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। কারণ, আঁচ বন্ধ হলেও কড়াই তখনও তাপ উৎপাদন করে চলেছে। ফলে মশলাগুলি অতিরিক্ত ভাজা হয়ে যায়। তাই পাত্র থেকে সরিয়ে নেওয়ার ধাপটি ভুলে গেলে চলবে না।

Advertisement
আরও পড়ুন