নৃত্য পরিবেশনায় মমতাশঙ্কর।
বিখ্যাত নৃত্যশিল্পী অমলাশঙ্করের ১০৬তম জন্মজয়ন্তী উপলক্ষে মমতাশঙ্কর ডান্স কোম্পানি ও উদয়ন কলাকেন্দ্রের উদ্যোগে ২৭ জুন বেহালা শরৎসদনে ‘অর্ঘ্য’ ও রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কালমৃগয়া’ মঞ্চস্থ হল। উদয়শঙ্কর-প্রবর্তিত নৃত্যধারাকে নৃত্যচর্চার মাধ্যমে বয়ে নিয়ে চলেছেন অমলাশঙ্করের সুযোগ্যা কন্যা মমতাশঙ্কর। নিয়মিত নৃত্যশিক্ষা ও বিভিন্ন অনুষ্ঠান মঞ্চায়িত করছেন তিনি। সে দিন ‘অর্ঘ্য’ অনুষ্ঠানে উদয়শঙ্করের প্রয়াত পুত্র আনন্দশঙ্করের সঙ্গীত রচনা ও অমলাশঙ্করের নৃত্য পরিকল্পনায় একটি উপস্থাপনা ‘মিসিং ইউ’। সুর ও নৃত্যের পরম্পরা ফিরে দেখা গেল মমতাশঙ্করের ছাত্রছাত্রীদের উপস্থাপনায়।
আলমোড়ার প্রাকৃতিক পরিবেশে যে নৃত্যচর্চার সূচনা, তা আজ বিশাল কর্মযজ্ঞে পরিণত হয়েছে উদয়শঙ্কর ও অমলাশঙ্করের পরবর্তী প্রজন্মের হাত ধরে। ভারতে সৃজনশীল নৃত্যের জনক উদয়শঙ্করের নৃত্যনির্মাণের যে নান্দনিক সৃষ্টির বীজটি উপ্ত হয়, তা অমলাশঙ্কর ও পরে মমতাশঙ্করের নিরন্তর প্রচেষ্টায় পল্লবিত হয়ে এক অসামান্য নৃত্যধারার রূপ ধারণ করেছে। সেতারবাদক দীপক চৌধুরীর সুর নির্মাণে, মমতাশঙ্করের নৃত্য পরিকল্পনায় উদয়ন কলাকেন্দ্রের শিল্পীদের লোকনৃত্যে দর্শকেরা উদয়শঙ্করের নৃত্যধারার পরম্পরাকেই প্রত্যক্ষ করলেন। মমতাশঙ্করের নৃত্য পরিকল্পনায় আরও একটি নিবেদন ‘সোহো’ (সঙ্গীত সৃজন কিতারো) দর্শকদের ভাল লাগে।
অমলাশঙ্করের নৃত্যের চিত্রায়ণ প্রদর্শিত হয় ‘কল্পনা’ চলচ্চিত্রের টুকরো ছবি দিয়ে গাঁথা— এভারগ্রিন মেমোরিজ়। দূরদর্শনে এক সময়ে নৃত্যনির্মাণের নেপথ্যকাহিনি বর্ণনা করেছিলেন অমলাশঙ্কর টুকরো ছবির সঙ্গে। দর্শকের মনে সে স্মৃতি আজও অম্লান। এই ফিল্মটি দেখা এক বিরল অভিজ্ঞতা। সৃজনশীল নৃত্যশিল্পীদের ‘কল্পনা’ চলচ্চিত্র দেখা আবশ্যিক হওয়া উচিত। একটি নৃত্যধারা গড়ে উঠছে, তার ইতিহাস ধরা রয়েছে এই চলচ্চিত্রে। সে দিনের অনুষ্ঠানে ‘কল্পনা’র অংশবিশেষের উপস্থাপনার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।
সে দিনের শেষ অনুষ্ঠান ছিল রবীন্দ্রনাথের গীতিনাট্য ‘কালমৃগয়া’। ‘বাল্মীকিপ্রতিভা’, ‘কালমৃগয়া’ ও ‘মায়ার খেলা’র যুগে রবীন্দ্রনৃত্যের আদি পর্বে নৃত্য নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু হয়। ১৮৮২ সালে ‘কালমৃগয়া’ গীতিনাট্য রচিত হয়। রামায়ণে বর্ণিত দশরথ কর্তৃক অন্ধমুনির পুত্র সিন্ধু বধের আখ্যান এই নাট্যের উপজীব্য। গীতিনাট্যকে নৃত্যনাট্যের আঙ্গিকে উদয়শঙ্কর ঘরানার নৃত্যধারায় মমতাশঙ্করের নৃত্য পরিচালনায় ‘কালমৃগয়া’ মঞ্চস্থ করা হয়। মমতাশঙ্কর বনদেবীর ভূমিকায় নৃত্য পরিবেশন করেন। পোশাকের পরিকল্পনাও তাঁরই। আলোকসম্পাত— রাতুলশঙ্কর ঘোষ। শব্দ প্রক্ষেপণ— কৃষ্ণজিৎ মুনশি ও সৌমিত্র দাস। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চন্দ্রোদয় ঘোষ৷
অনুশষ্ঠান