Sapna Pabbi

তারকা-পুত্রের সঙ্গে প্রেম, সম্পর্ক ভাঙার দায়িত্ব নেন অভিনেতা বাবা, সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় নাম জড়ায় নায়িকার

বলিউডের জনশ্রুতি, বলি অভিনেতা তাঁর পুত্রের কেরিয়ারে কোনও রকম আঁচ লাগতে দিতে চাননি। ছেলের কেরিয়ার শুরুর সময় যদি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হতে শুরু করে তা হলে তার ফল ভাল হবে না বলে মনে করেছিলেন অভিনেতা। তাঁর এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছিলেন অভিনেতার কন্যাও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৭:১৭
০১ ১৩
Sapna Pabbi

অভিনয় নিয়ে কেরিয়ার গড়তে বিদেশ ছেড়ে ভারতে এসেছিলেন। বলি অভিনেতার হাত ধরে ছোটপর্দায় অভিনয় শুরু। সেই বলি অভিনেতার পুত্রের প্রেমেই নাকি পড়েছিলেন নায়িকা। কিন্তু বাদ সাধল পুত্রের পরিবার। শোনা যায়, কপূর পরিবারের পুত্রের সঙ্গে নায়িকার প্রেম মেনে নিতে পারেননি তারকা-পুত্রের বাবা এবং বোন। তাই চাপ দিয়েই সেই সম্পর্কে ভাঙন ধরিয়েছিলেন। হাতেগোনা কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করলেও সেই নায়িকা পেশাজীবনে বিশেষ সাফল্য পাননি। এখন কী করছেন বলি অভিনেত্রী সপনা পব্বী?

০২ ১৩
Sapna Pabbi

লন্ডনের এক রক্ষণশীল পঞ্জাবি পরিবারে জন্ম সপনার। সেখান থেকেই স্কুল-কলেজের পড়াশোনা শেষ করেন তিনি। বার্মিংহামের একটি ইউনিভার্সিটি থেকে ফিন্যান্স নিয়ে স্নাতক হন সপনা। সেখানেই ফ্যাশন সংক্রান্ত বিজ্ঞাপনী প্রচারের মুখ হয়ে ওঠেন তিনি। তার পর বেশ কয়েকটি বিজ্ঞাপনে অভিনয় করে মুম্বইয়ে যাওয়ার পরিকল্পনা করেন। মাত্র ২২ বছর বয়সে মুম্বই চলে যান তিনি।

০৩ ১৩
Sapna Pabbi

পেশা হিসাবে অভিনয়কে বেছে নেন সপনা। বড়পর্দার অভিনেত্রী হতে চাইলেও বলিউডে কোনও চেনাজানা ছিল না তাঁর। বিরাট কোহলি, অর্জুন রামপাল এবং ইয়ামি গৌতমের সঙ্গে কয়েকটি বিজ্ঞাপনে অভিনয়ের সুযোগ পান তিনি। তার পর ছোটপর্দায় অভিনয়ের প্রস্তাব পান সপনা। সেই প্রস্তাব ফিরিয়ে দেননি তিনি।

Advertisement
০৪ ১৩
Sapna Pabbi

‘২৪’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় সপনাকে। এই ধারাবাহিকে বলি অভিনেতা অনিল কপূরের সঙ্গে অভিনয়ের সুযোগ পান তিনি। পেশার সূত্রে অনিল এবং তাঁর পরিবারের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে সপনার। শোনা যায়, অনিলের মেয়ে সোনম কপূরের সঙ্গেও ভাল বন্ধুত্ব হয়ে যায় তাঁর।

০৫ ১৩
Sapna Pabbi

২০১৫ সালে ‘খামোশিয়াঁ’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের সুযোগ পান সপনা। কিন্তু তিনি ইন্ডাস্ট্রিতে ছিলেন নবাগতা। একাধিক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন যে, ‘বহিরাগত’ হওয়ার কারণে তাঁকে অধিকাংশ সময় কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তিনি ছিলেন বিদেশফেরত। ফলে তাঁর হিন্দি উচ্চারণ স্পষ্ট ছিল না। সপনার ভয় ছিল যে, উচ্চারণের কারণে তাঁকে যেন একই ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ না দেওয়া হয়। এমনকি, বহু মহিলা সহকর্মীর কাছ থেকেও খারাপ ব্যবহার পেয়েছিলেন সপনা।

Advertisement
০৬ ১৩
Sapna Pabbi

২০১৮ সালে ‘মিটু’ আন্দোলন জোরদার হলে সপনা জানিয়েছিলেন, নারী হওয়ার কারণে অনেক সময় শুটিং সেটে তাঁর মতামতকে গুরুত্ব দেওয়া হত না। তাঁর কথা বিকৃত ভাবে স্থাপন করা হত। এমনকি, প্রতিকূল পরিস্থিতিতে অন্য মহিলা সহকর্মীর সমর্থনও পাননি। তার পরিবর্তে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন বলে নায়িকার অভিযোগ।

০৭ ১৩
Sapna Pabbi

হিন্দি ছবিতে কাজের তেমন সুযোগ না পেলে সপনা তেলুগু এবং পঞ্জাবি ভাষার ছবিতে অভিনয় করতে শুরু করেন। ‘দ্য ট্রিপ’, ‘ইনসাইড এজ’, ‘ব্রিদ’-এর মতো একাধিক ওয়েব সিরিজ়েও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এক দশক ধরে বলিপাড়ার সঙ্গে যুক্ত থাকলেও কেরিয়ারে বিশেষ সফল হতে পারেননি সপনা।

Advertisement
০৮ ১৩
Sapna Pabbi

বলিপাড়ার গুঞ্জন, ‘২৪’ ধারাবাহিকে অনিলের সঙ্গে কাজ করার সুবাদে কপূর পরিবারের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়েছিল। শোনা যায়, অনিলের পুত্র হর্ষবর্ধন কপূরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সপনা। হর্ষবর্ধনের বাড়িতে তাঁর যাতায়াতও ছিল। কিন্তু পরে নাকি সেই সম্পর্ক নিয়ে আপত্তি জানিয়েছিল কপূর পরিবার।

০৯ ১৩
Sapna Pabbi

বলিউডের জনশ্রুতি, অনিল তাঁর পুত্রের কেরিয়ারে কোনও রকম আঁচ লাগতে দিতে চাননি। হর্ষবর্ধনের কেরিয়ার শুরুর সময় যদি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হতে শুরু করে তা হলে তার ফল ভাল হবে না বলে মনে করেছিলেন অনিল। অনিলের এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছিলেন সোনমও।

১০ ১৩
Sapna Pabbi

বাবা এবং দিদির পরামর্শেই নাকি সপনার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিলেন হর্ষবর্ধন। পরে এক সাক্ষাৎকারে সপনার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘‘সোনমের খুব ভাল বন্ধু সপনা। সেই সূত্রে আমাদের বাড়িতে যাতায়াত রয়েছে। আমার সঙ্গেও ওর শুধুমাত্র বন্ধুত্বেরই সম্পর্ক।’’

১১ ১৩
Sapna Pabbi

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ড্রাইভ’ ছবিতে বলি অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে অভিনয় করেছিলেন সপনা। ২০২০ সালে সুশান্তের মৃত্যুর পর মাদক সংক্রান্ত তদন্ত শুরু হয়েছিল। তাতে নাম জড়িয়ে পড়েছিল সপনারও। মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি) নায়িকাকে তলব করলে জিজ্ঞাসাবাদের আগের দিন থেকে ‘নিখোঁজ’ হয়ে যান তিনি। পরে এই নিয়ে জল্পনা শুরু হলে সপনা প্রকাশ্যে আসল কারণ জানিয়েছিলেন।

১২ ১৩
Sapna Pabbi

এনসিবি যখন সপনার মুম্বইয়ের বাড়িতে সমন পাঠিয়েছিল, তখন সপনা ভারতে ছিলেন না। তিনি লন্ডনে তাঁর পরিবারের সঙ্গে ছিলেন। পরবর্তী কালে তিনি তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করে জানিয়েছিলেন যে, তিনি আত্মগোপন করেননি। বরং পেশাগত ও ব্যক্তিগত কারণে লন্ডনে রয়েছেন।

১৩ ১৩
Sapna Pabbi

২০২৩ সালে ‘সর্দারজি ৩’ নামের একটি পঞ্জাবি ছবিতে অভিনয়ের প্রায় তিন বছর পর আবার বড়পর্দায় দেখা যাবে সপনাকে। আগামী মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘বন্দর’। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সপনাকে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি