এ বার চর্চায় অর্শদীপ সিংহের ব্যক্তিগত জীবন! জোর গুঞ্জন শুরু হয়েছে ভারতীয় জোরে বোলারের প্রেমকাহিনি নিয়ে। গুঞ্জন, ভারতীয় বিনোদন জগতের এক উদীয়মান অভিনেত্রীর সঙ্গে অর্শদীপের সম্পর্কের রসায়ন জমে উঠেছে।
বর্তমানে আইপিএল খেলছেন অর্শদীপ। পঞ্জাব কিংসের উল্লেখযোগ্য খেলোয়াড় তিনি। তবে সম্প্রতি অর্শদীপের পোস্ট করা একটি ছবি সমাজমাধ্যমে জল্পনার ঝড় তুলেছে। সেই পোস্ট দেখে এক মহিলার পরিচয় জানতে উঠেপড়ে লেগেছেন বোলারের অনুগামীরা।
স্ন্যাপচ্যাটে শেয়ার করা পোস্টটিতে ক্রিকেটারকে এক তরুণীর হাত ধরে থাকতে দেখা গিয়েছে। তবে তরুণীর মুখ দেখা যায়নি সেই ছবিতে। ছবির এই অস্পষ্টতা দ্রুত মনোযোগ আকর্ষণ করে নেটপাড়ার। ছবিটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করেন নেটাগরিকেরা। আর সেই বিশ্লেষণের পর অর্শদীপের অনুরাগীদের দাবি, সেই রহস্যময়ী তরুণী এক জন উঠতি তারকা।
নেটপাড়়ায় গুঞ্জন, অর্শদীপকে যে তরুণীর হাত ধরে থাকতে দেখা গিয়েছে, তিনি সম্ভবত সমরীন কউর। সমরীন ভারতীয় বিনোদন জগতে এক উদীয়মান নাম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সমরীন কাশ্মীরের বাসিন্দা। ১৯৯৯ সালে জন্ম তাঁর। সমরীনের মা এক জন অধ্যাপিকা। বাবাও শিক্ষাজগতের সঙ্গে যুক্ত রয়েছেন।
বিনোদনজগতে কেরিয়ার তৈরির কোনও পরিকল্পনা নাকি সমরীনের ছিল না। প্রতিবেদন অনুযায়ী, পুণের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। এর পর চণ্ডীগড় থেকে এমবিএ করেন।
২০১৮ সাল পর্যন্ত কর্পোরেট জগতের সিঁড়ি ধরে কেরিয়ারে দ্রুত গতিতে এগোচ্ছিলেন সমরীন। কিন্তু এর পরই একটি শীর্ষস্থানীয় সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন।
সেই প্রতিযোগিতায় না জিতলেও অনেক দূর পর্যন্ত এগিয়েছিলেন সমরীন। ওই সৌন্দর্য প্রতিযোগিতাই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এর পর নিয়মিত মডেলিং শুরু করেন তিনি। বড় পর্দায়ও জায়গা করে নেন।
বেশ কিছু ছবি এবং মিউজ়িক ভিডিয়োয় অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে নিজের পরিচিতি গড়ে তুলেছেন সমরীন। তাঁর আরও বেশ কয়েকটি কাজ মুক্তির অপেক্ষায় বলে খবর।
জর্ডন সান্ধুর ‘বোতল ফ্রি’, জাস মানাকের ‘ইয়ারা তেরে ওয়ারগা’, মনিন্দর বুটারের ‘মোমবাত্তিয়াঁ’, এবং জুবিন নটিয়ালের ‘তুঝে ভুলনা তো চাহা’-সহ বেশ কিছু জনপ্রিয় মিউজ়িক ভিডিয়োয় অভিনয় করেছেন সমরীন।
সমরীনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বাদশার ‘বাওলা’ এবং সম্প্রতি মুক্তি পাওয়া ‘হারজাই ভে’-এর মতো মিউজ়িক ভিডিয়ো। বর্তমানে পঞ্জাবি এবং হিন্দি মিউজ়িক ভিডিয়ো জগতের এক জনপ্রিয় মুখ তিনি।
কিন্তু কেন সমরীনকে অর্শদীপের জীবনের ভালবাসার মানুষ হিসাবে ধরে নিয়েছেন বোলারের অনুরাগীরা? কারণ, ভারতীয় জোরে বোলার যে ছবি পোস্ট করেছেন, সেখানে তরুণীর মুখ না দেখে গেলেও তাঁর হাত এবং সেই হাতে থাকা একটি ট্যাটু স্পষ্ট।
নেটাগরিকদের দাবি, ছবির রহস্যময়ীর ট্যাটু সমরীনের হাতে থাকা একটি ট্যাটুর সঙ্গে বেশ সাদৃশ্যপূর্ণ। ফলে এই ধারণা আরও জোরালো হচ্ছে যে ছবির তরুণী সমরীনই হতে পারেন।
ফলে অর্শদীপের সঙ্গে সমরীনের সম্পর্কের জল্পনায় হাওয়া লেগেছে। সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়েছে গুঞ্জন। নেটাগরিকেরা তাঁদের পর্যবেক্ষণ এবং মতামত প্রকাশ করার কারণে নেটপাড়ায় তাঁদের নিয়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে।
তবে এত আলোচনা এবং গুঞ্জন যাঁদের নিয়ে, সেই অর্শদীপ বা সমরীন— কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। আপাতত, তাঁদের সম্পর্কের খবরের ভিত্তি ভাইরাল হওয়া একটি স্ন্যাপচ্যাট পোস্ট। ফলে ছবিটিকে ঘিরে রহস্য এখনও অমীমাংসিতই রয়ে গিয়েছে।
ছবি: ইনস্টাগ্রাম এবং সংগৃহীত।