Bollywood Gossip

সহ-অভিনেতাকে বিয়ে, চার বছর সংসার, বিবাহবিচ্ছেদের সাত বছর পর অন্য সহ-অভিনেতাকে বিয়ে বলি অভিনেত্রীর

সহ-অভিনেতাকে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেত্রী। কিন্তু বিয়ের চার বছর পর তাঁদের মানসিক দূরত্ব বাড়তে শুরু করেছিল। বিবাহবিচ্ছেদের পর অন্য সহ-অভিনেতার সঙ্গে বন্ধুত্ব হয়ে তাঁর। সেই সহ-অভিনেতাকে বিয়ে করেই সংসার পাতেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ০৯:৫৮
০১ ১৩
Ashwini Kalsekar and Murali Sharma

মরাঠি এবং হিন্দি চলচ্চিত্রজগতের দুই অত্যন্ত শক্তিশালী তারকা জুটি অশ্বিনী কালসেকর এবং মুরলী শর্মা। ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দা, নেতিবাচক চরিত্র থেকে শুরু করে কৌতুকাভিনেতার চরিত্রে নিপুণ ভাবে অভিনয় করেছেন দু’জনে। সহ-অভিনেতাকে বিয়ে করে চার বছর পর বিবাহবিচ্ছেদ হয়েছিল অশ্বিনীর। বিবাহবিচ্ছেদের সাত বছর পর সহ-অভিনেতা মুরলীর প্রেমে পড়ে তাঁকে বিয়ে করেছিলেন অভিনেত্রী।

০২ ১৩
Ashwini Kalsekar

অশ্বিনীর প্রথম স্বামী ছিলেন নীতেশ পাণ্ডে। নব্বইয়ের দশকের গোড়ার দিকে ধারাবাহিকজগতে পরিচয় গড়ে তোলার জন্য দু’জনেই সংগ্রাম করছিলেন। বিভিন্ন জায়গায় অডিশন দিতে যাওয়ার সূত্রেই নীতেশের সঙ্গে আলাপ হয়েছিল অশ্বিনীর। তার পর বেশ কয়েকটি ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।

০৩ ১৩
Ashwini Kalsekar and Nitesh Pandey

পেশার সূত্রে বন্ধুত্ব হলেও নীতেশের সঙ্গে অশ্বিনীর সম্পর্ক প্রেমে পরিণতি পেয়েছিল। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন তাঁরা। বিয়ের পর দু’জনেই অভিনেতা হিসাবে জনপ্রিয় হতে শুরু করেছিলেন। কিন্তু পেশাজীবনে সাফল্যের স্বাদ পেতে শুরু করলেও তাঁদের সংসারে ফাটল ধরে গিয়েছিল।

Advertisement
০৪ ১৩
Ashwini Kalsekar

গুঞ্জন, পরস্পরকে ভালবেসে বিয়ে করলেও বিয়ের কয়েক বছর পর অশ্বিনী এবং নীতেশের মধ্যে মানসিক দূরত্ব বাড়তে শুরু করেছিল। অশ্বিনী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তিনি সম্পর্কের জন্য ১০০ শতাংশই দিয়েছিলেন, কিন্তু সব সময় সব কিছু ভাগ্যের হাতে থাকে না। ২০০২ সালে তাঁরা আইনি ভাবে বিচ্ছেদ নিয়েছিলেন।

০৫ ১৩
Nitesh Pandey with his second wife Arpita Pandey

বিবাহবিচ্ছেদের পর ২০০৩ সালে অভিনেত্রী অর্পিতা পাণ্ডেকে বিয়ে করেছিলেন নীতেশ। অশ্বিনীও পরে নতুন ভাবে জীবন শুরু করেন। ২০২৩ সালের মে মাসে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন অশ্বিনীর প্রাক্তন স্বামী নীতেশ।

Advertisement
০৬ ১৩
Ashwini Kalsekar and Murali Sharma

বিবাহবিচ্ছেদের পর দু’বছর নিজেকে কেরিয়ার নিয়ে ব্যস্ত রেখেছিলেন অশ্বিনী। পেশাগত কারণে বলি অভিনেতা মুরলী শর্মার সঙ্গে সেটে দেখা হয়েছিল অশ্বিনীর। ২০০০ সালের গোড়ার দিকে বেশ কয়েকটি ধারাবাহিকে একসঙ্গে কাজও করেন তাঁরা।

০৭ ১৩
Ashwini Kalsekar and Murali Sharma

ধারাবাহিকের সেট থেকে অশ্বিনী এবং মুরলীর বন্ধুত্বের সূত্রপাত হলেও তা কম সময়ের মধ্যেই প্রেমে পরিণতি পায়। অশ্বিনী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তাঁদের পছন্দ-অপছন্দ এবং জীবন নিয়ে দৃষ্টিভঙ্গিতে অনেক মিল ছিল। কিন্তু তাঁদের স্বভাব ছিল বিপরীতধর্মী।

Advertisement
০৮ ১৩
Ashwini Kalsekar and Murali Sharma

মুরলী ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের। অন্য দিকে, অশ্বিনী ছিলেন চঞ্চল প্রকৃতির। এই বিপরীত মেরুর আকর্ষণই পরস্পরকে কাছাকাছি নিয়ে আসে। কয়েক বছর ডেট করার পর ২০০৯ সালে বিয়ের সিদ্ধান্ত নেন দু’জনে।

০৯ ১৩
Ashwini Kalsekar and Murali Sharma

পরিবারের সদস্যদের উপস্থিতিতে অত্যন্ত সাদামাঠা ভাবে আইনি বিয়ে সারেন অশ্বিনী এবং মুরলী। বিয়ের পরেও হিন্দি ধারাবাহিক এবং ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের সম্মুখীন হতে হয়েছিল তাঁদের।

১০ ১৩
Ashwini Kalsekar

সম্প্রতি এক সাক্ষাৎকারে অশ্বিনী জানান যে, বহু দিন ধরে কিডনির গুরুতর সমস্যা রয়েছে তাঁর। সে কারণে গর্ভাবস্থার ধকল সহ্য করার মতো ক্ষমতা ছিল না। সন্তানের জন্ম দিতে চাইলে তাঁর নিজের প্রাণসংশয় হতে পারত অথবা সন্তানের কোনও ক্ষতি হতে পারত।

১১ ১৩
Ashwini Kalsekar

অশ্বিনী জানান যে, শারীরিক সমস্যার কারণে তিনি সন্তানের জন্ম দিতে পারেননি। এখনকার মতো সেই সময় সারোগেসি নিয়ে এত কথা হত না। অন্য দিকে, অশ্বিনী এবং মুরলী দু’জনেই কেরিয়ারে থিতু হওয়ার জন্য লড়াই করেছিলেন।

১২ ১৩
Ashwini Kalsekar and Murali Sharma

বিকল্প উপায় সন্তান ধারণ করার মতো পর্যাপ্ত অর্থও ছিল না অশ্বিনী এবং মুরলীর কাছে। তাই নিঃসন্তান দম্পতি হিসাবে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নেন দুই তারকা। এই সিদ্ধান্তে দুই পরিবারকে পাশে পেয়েছিলেন অশ্বিনী।

১৩ ১৩
Ashwini Kalsekar and Murali Sharma

কঠিন সময়ে অশ্বিনী সর্বদা মুরলীকে তাঁর পাশে পেয়েছেন বলে সাক্ষাৎকারে জানান। তবে, তাঁদের স্বামী-স্ত্রীর সংসারে রয়েছে আরও দুই সদস্য। দু’জনেই পশুপ্রেমী হওয়ায় দু’টি কুকুর পোষেন অশ্বিনী এবং মুরলী। পোষ্য দু’টিকে সন্তানস্নেহেই পালন করেন তাঁরা। কুকুরদের দেখাশোনা করার জন্য সব সময় এক জন ন্যানিও থাকেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি