Paneer Recipe

আড্ডার দোসর হবে, ভাতের পাতেও খাওয়া যাবে, খুব সহজে বানিয়ে ফেলুন পনির কুরকুরে

আড্ডা হোক বা পার্টি, মুখরোচক কিছু চাই? বানিয়ে ফেলুন পনির কুরকুরে। বাইরে মুচমুচে আর ভিতরে থাকবে মশলার স্বাদ-গন্ধ। বানানো কঠিন নয় মোটেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১০:৫৯

ছবি: সংগৃহীত।

সান্ধ্য আড্ডা হোক বা পার্টি, মাছ, মাংস, ডিমের পাশাপাশি কখনও কখনও নিরামিষও খেতে চান অনেকে। আবার সব সময়ে আমিষ খাবার মুখেও রোচে না। অনেকে নিরামিষটাই ভালবাসেন। পার্টি হোক বা মধ্যাহ্নভোজ, পনির কুরকুরে থাকলে জমে যাবে ভোজ। বানানোও কঠিন নয়।

Advertisement

উপকরণ

৩৫০ গ্রাম পনির

১ চা-চামচ চামচ হলুদ

১ টেবিল চামচ ধনেগুঁড়ো

২ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

১ টেবিল চামচ কসৌরি মেথি

১ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো

১ টেবিল চামচ গরমমশলার গুঁড়ো

স্বাদমতো নুন, চিনি

দুই কাপ কর্নফ্লেক্স

আধ কাপ বেসন

ভাজার জন্য সাদা তেল

প্রণালী: পনির আঙুলের মতো আকারে আয়তাকার ভাবে কেটে নিন। একটি পাত্রে ধনেগুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, কসৌরি মেথি, গরমমশলা শুকনো অবস্থায় মিশিয়ে নিন। পনিরের গায়ে তেল মাখিয়ে মশলা মাখিয়ে নিন।

একটি পাত্রে বেসন, হলুদ, নুন, চিনি, লঙ্কার গুঁড়ো খুব ভাল করে জল দিয়ে গুলে নিন। মিশ্রণটি খুব বেশি পাতলা বা ঘন হবে না। মশলা মাখানো পনিরে বেসন গোলা ঢেলে দিন।

একটি থালায় কর্নফ্লেক্স অল্প করে গুঁড়িয়ে রাখুন। বেসনের মিশ্রণ দেওয়ার পরে সেটি কর্নফ্লেক্সগুঁড়ো মাখিয়ে নিন। তার পরে ছাঁকা তেলে ভাজুন। পনির কুরকুরে উপর থেকে মুচমুচে কিন্তু ভিতর থেকে হবে নরম। প্রতিটি কামড়ে মিলবে মশলার স্বাদ।

Advertisement
আরও পড়ুন