Perfect Omelet Recipe

১ টি উপকরণ মেশালেই অমলেট হবে স্পঞ্জের মতো নরম! বানানোর পদ্ধতি শেখালেন প্রিয়ঙ্কা চোপড়া

অমলেট হবে ফোলা, ফাঁপা, স্যুফ্‌লের মতো, তবেই তো তার স্বাদ বাড়বে। বাড়িতে অমলেট বানানোর সময়ে কিছুতেই সেই ফোলাভাব আসে না। অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া শেখালেন স্পঞ্জের মতো ফোলা অমলেট বানানোর সঠিক কৌশল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ২০:৫৫
প্রিয়ঙ্কা চোপড়া।

প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত।

ডিম রান্না সহজ মনে হলেও একটি ঠিকঠাক অমলেট বানানো কিন্তু মোটেই সহজ নয়। বড় বড় রন্ধনশিল্পীরাও এই একটা কাজে মাঝেমধ্যেই হোঁচট খান। ডিম রান্নার সময়ে অজান্তেই আমরা কিছু ভুল করে ফেলি, যা রান্নার স্বাদ একেবারে বিগড়ে দেয়। অমলেট হবে ফোলা, ফাঁপা, স্যুফ্‌লের মতো, তবেই তো তার স্বাদ বাড়বে। বাড়িতে অমলেট বানানোর সময়ে কিছুতেই সেই ফোলাভাব আসে না। অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া শেখালেন স্পঞ্জের মতো ফোলা অমলেট বানানোর সঠিক কৌশল।

Advertisement

একটি ভিডিয়োতে প্রিয়ঙ্কা বলেন, অমলেটে ফোলাভাব আনতে হলে তাতে মেশাতে হবে দুধ। ডিমের সঙ্গে সামান্য দুধ মিশিয়ে খুব ভাল করে ফেটিয়ে নিতে হবে। দুধ ডিমের মিশ্রণটিতে আর্দ্রতা ও হালকা ভাব যোগ করবে। অমলেটটি নরম তুলতুলে হবে দুধ দিলেই। তার পরে নুন, গোলমরিচ মিশিয়ে অল্প তেলে মিশ্রণটি ঢেলে দিন। উপর থেকে ভেজে রাখা মাশরুম আর চিজ় ছড়িয়ে দিন। আঁচ যেন একেবারেই অল্প থাকে। এ বার অমলেটটি একদিকে ভাঁজ করে গ্যাস থেকে নামিয়ে পরিবেশন করুন।

ভাল অমলেট বানানোর টোটকা

১) অমলেটে ফোলা ভাব আনতে হলে খুব ভাল ভাবে ফেটাতে হবে ডিমের মিশ্রণটি। মিশ্রণে ফেনা তৈরি হলে বুঝবেন ফেটানো ভাল হয়েছে।

২) খুব বেশি তেল দেবেন না, নইলে অমলেট তেলতেলে হয়ে যাবে। অমলেট বানানোর জন্য ১ থেকে ২ চা চামচ তেল যথেষ্ট।

৩) ননস্টিক প্যান অতিরিক্ত গরম হলে অমলেটের নীচের অংশ পুড়ে যেতে পারে, অথচ উপরের অংশ কাঁচা থেকে যায়। মাঝারি থেকে কম আঁচে রান্না করলে অমলেট একদম ঠিকঠাক ভাবে ভাজা হয়। এ ক্ষেত্রে ৩০-৪০ সেকেন্ডের জন্য প্যান ঢাকা দিয়েও রাখতে পারেন।

৪) খুব বেশি ক্ষণ ভাজবেন না। অমলেট ভাজা হয়ে গেলেই গ্যাস থেকে সরিয়ে রাখুন প্যান। গ্যাস বন্ধ রাখলেও গ্যাসের গরমে অমলেট পুড়ে যেতে পারে।

৫) অমলেটে পরিমিত মাত্রায় চিজ়, দুধ মেশাতে হবে। বেশি হয়ে গেলেই অমলেট ঠিকঠাক হবে না।

Advertisement
আরও পড়ুন