IPL 2024

আইপিএলেও নেই কোহলি? জল্পনা ডিভিলিয়ার্সের মন্তব্যে, ‘অন্ধকারে’ বেঙ্গালুরু

কোহলিকে আইপিএলে পাওয়া নিয়ে ১৭ দিন আগেও নিশ্চিত নন বেঙ্গালুরু কর্তৃপক্ষ। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য বেশ কিছু দিন ক্রিকেট থেকে দূরে রয়েছেন কোহলি। অনুশীলনের মধ্যেও নেই তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ২১:১৩
picture of virat kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতে চেয়েছিলেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুমতি নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় থেকে সরে দাঁড়ান। কোহলি কি আইপিএল খেলবেন? প্রতিযোগিতা শুরুর ১৭ দিন আগেও কার্যত ‘অন্ধকারে’ রয়্যাল চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ।

Advertisement

কয়েক দিন আগে সুনীল গাওস্কর রসিকতা করে বলেছিলেন, কোহলি হয়তো আইপিএলও খেলবে না। গাওস্করের সেই রসিকতই কি সত্যি হবে শেষ পর্যন্ত? জল্পনা তৈরি হয়েছে এবি ডিভিলিয়ার্সের মন্তব্যে। নিজের ইউটিউব চ্যানেলে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার কোহলির আইপিএল খেলা নিয়ে বলেছেন, ‘‘এখনও নিশ্চিত নয়। কোহলি আমাকে একটা ইঙ্গিত দিয়েছে। ও সম্ভবত কয়েক দিন অনুশীলন করতে চায়। নিশ্চিত করে বলতে পারব না। অ্যান্ডি ফ্লাওয়ার, ফ্যাফ ডুপ্লেসি বা আরসিবি কর্তৃপক্ষ বলতে পারবেন। আইপিএলের প্রথম কয়েক সপ্তাহ আমি মুম্বইয়ে থাকব। ধারাভাষ্য দেব। আবার নকআউট পর্বের সময় ভারতে যাব।’’

আগামী ২২ মার্চ থেকে শুরু হবে এ বারের আইপিএল। প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কোহলির বেঙ্গালুরু। কয়েক দিন পরেই শুরু হয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের চূড়ান্ত প্রস্তুতি শিবির। সূত্রের খবর, সেই শিবিরে যোগ দেওয়ার ব্যাপারে আরসিবি কর্তৃপক্ষকে এখনও কিছু জানাননি কোহলি।

দেড় মাসের বেশি সময় ক্রিকেট থেকে দূরে রয়েছেন কোহলি। ফলে সরাসরি আইপিএলে নেমে পড়া তাঁর পক্ষে কঠিন। দেশে ফেরার পর কয়েক দিন অনুশীলন করতে হবে তাঁকে। বন্ধু ডিভিলিয়ার্সকে সেই ইঙ্গিত দিয়েছেন তিনি। মনে করা হচ্ছে, আইপিএল খেললেও প্রথম দিকের কয়েকটি ম্যাচে তাঁকে নাও পেতে পারে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজ়ি।

Advertisement
আরও পড়ুন