ICC T20 World Cup 2026

নামের পাশে শূন্যের হ্যাটট্রিক, অভিষেককে চাঙ্গা করতে নতুন কৌশল গম্ভীর-সূর্যদের! কী ঘটল ভারতের অনুশীলনে, প্রকাশ্যে ভিডিয়ো

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে ভারতের প্রথম ম্যাচ রবিবার। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তার আগে সতীর্থদের উদ্বুদ্ধ করলেন শূন্যের হ্যাটট্রিক করা অভিষেক শর্মা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০২
picture of cricket

(বাঁ দিকে) গৌতম গম্ভীর এবং অভিষেক শর্মা (ডান দিকে)। ছবি: পিটিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার এইটে উঠেছে ভারতীয় দল। গত বারের চ্যাম্পিয়ন সূর্যকুমার যাদবদের সামনে রবিবার গত বারের রানার্স দক্ষিণ আফ্রিকা। এডেন মার্করামের দলও এ বার এখনও পর্যন্ত অপরাজিত। শুক্রবার থেকে এই ম্যাচের প্রস্তুতি শুরু করেছে ভারতীয় দল। প্রস্তুতি শুরুর আগে সূর্যদের উদ্বুদ্ধ করলেন তিন শূন্য করা অভিষেক শর্মা।

Advertisement

ভারতীয় দলের প্রস্তুতির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাতে দেখা গিয়েছে, অনুশীলন শুরুর আগে দলকে উদ্বুদ্ধ করছেন অভিষেক। অনুশীলন শুরুর আগে টিম হার্ডলে (গোল করে পরস্পরের কাঁধে হাত দিয়ে দাঁড়ানো) বক্তব্য রাখছেন অভিষেক। তাঁর ডান দিকে শিবম দুবে এবং বাঁ দিকে ঈশান কিশন। খুব বেশি কথা অভিষেক বলেননি। তিনি বলা শুরু করতেই মুখ টিপে হাসতে শুরু করেন ঈশান। একাধিক বার হাসি নিয়ন্ত্রণের চেষ্টা করতেও দেখা যায় তাঁকে। অভিষেকের ‘পেপ টক’ শেষ হওয়ার পর অবশ্য সূর্যদের সকলকেই হাসতে দেখা গিয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত রান করতে পারেননি অভিষেক। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই আউট হয়েছেন শূন্য রানে। খেলেছেন সব মিলিয়ে আটটি বল। তরুণ ওপেনারের ফর্ম নিয়ে উদ্বেগে গৌতম গম্ভীরেরা। তবু তার উপর দলের ভরসা যে এখনও অটুট, তা বুঝিয়ে দিয়েছে দলের অনুশীলন শুরুর আগের কয়েক মিনিট। হয়তো ফর্মে না থাকা ব্যটারকে এ ভাবেই উৎসাহিত করতে চেয়েছেন গম্ভীরেরা।

ক্রিকেটপ্রেমীদের একাংশ অবশ্য রসিকতা করেছেন। তাঁদের প্রশ্ন, যিনি নিজেই শূন্যের হ্যাটট্রিক করে ফেলেছেন, তিনি কী ভাবে সতীর্থদের তাতাবেন সুপার এইটের মতো গুরুত্বপূর্ণ পর্বের আগে। আসল বিশ্বকাপ এই পর্ব থেকেই শুরু বলে তাঁদের অভিমত।

Advertisement
আরও পড়ুন