Record Run Chase in Women's ODI

৫ মাসেই ভেঙে গেল ভারতের রান তাড়া করার বিশ্বরেকর্ড! নতুন নজির নিউ জ়িল্যান্ডের, পর্যুদস্ত দক্ষিণ আফ্রিকা

মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে সর্বাধিক রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড গড়েছিল ভারত। সেই রেকর্ড ভেঙে দিল নিউ জ়িল্যান্ড।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৩:২২
cricket

শতরানের পর আমেলিয়া কের। ছবি: এক্স।

মাত্র পাঁচ মাসেই ভেঙে গেল ভারতের বিশ্বরেকর্ড। গত বছর ৩০ অক্টোবর মহিলাদের এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩৯ রান তাড়া করে জিতেছিল ভারত। সেটাই ছিল মহিলাদের এক দিনের ক্রিকেটে সর্বাধিক রান তাড়া করে জয়। বুধবার সেই রেকর্ড ভেঙে দিল নিউ জ়িল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৪৭ রান তাড়া করে জিতল তারা।

Advertisement

ওয়েলিংটনে দ্বিতীয় এক দিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৬ রান করে দক্ষিণ আফ্রিকা। অথচ দলের কেউ শতরান করেননি। অধিনায়ক লরা উলভার্ট ৬৯, আনেকে বশ ৯১, ক্লোয়ি ট্রায়ন ৫২ রান করেন। জবাবে দু’বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জিতে যায় নিউ জ়িল্যান্ড। আমেলিয়া কের ১৩৯ বলে ১৭৯ রান করে অপরাজিত থাকেন। ইসাবেল গেজ় করেন ৬৮ রান। ৩৪৬ রানে থাকাকালীন চার মেরে দলকে ৩৫০ রানে নিয়ে গিয়ে খেলা শেষ করেন কের।

গত বছর অক্টোবর মাসের আগে পর্যন্ত মহিলাদের ক্রিকেটে সর্বাধিক রান তাড়া করে জয় ছিল অস্ট্রেলিয়ার দখলে। ৩৩১ রান তাড়া করে জিতেছিল তারা। বিশ্বকাপের সেমিফাইনালে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে ৩৩৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ফিবি লিচফিল্ড ১১৯ ও এলিস পেরি ৭৭ রান করেন।

দেখে মনে হচ্ছিল, ভারত আবার একটি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেবে। কিন্তু অধিনায়ক হরমনপ্রীত কৌরের ৮৯ ও জেমাইমা রদ্রিগেজ়ের অপরাজিত ১২৭ রানে ভর করে ৯ বল বাকি থাকতে জিতে যায় ভারত। ফাইনালে ওঠে তারা। শেষ পর্যন্ত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম বার মহিলাদের বিশ্বকাপ জেতেন হরমনপ্রীতেরা। কিন্তু সেই রেকর্ড বেশি দিন টিকল না। পাঁচ মাসেই তা ভেঙে ফেলল নিউ জ়িল্যান্ড।

Advertisement
আরও পড়ুন