ICC T20 World Cup 2026

চোট পেয়ে এ বার ছিটকে গেলেন হেজ়লউড, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবার সমস‍্যায় অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আরও চাপে পড়ল অস্ট্রেলিয়া। হ্যামস্ট্রিংয়ের চোটে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন জশ হেজ়লউড। বিশ্বকাপের আগে তিনি সুস্থ হতে পারবেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৩
cricket

জশ হেজ়লউড। — ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আরও চাপে পড়ল অস্ট্রেলিয়া। হ্যামস্ট্রিংয়ের চোটে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন জশ হেজ়লউড। বিশ্বকাপের আগে তিনি সুস্থ হতে পারবেন না। ৩৫ বছরের ক্রিকেটারের পরিবর্ত হিসাবে কারও নাম ঘোষণা করছে না অস্ট্রেলিয়া।

Advertisement

আগে জানা গিয়েছিল, বিশ্বকাপের মাঝে বা পরের দিকে হেজ়লউড দলে যোগ দিতে পারেন। শুক্রবার জানানো হয়েছে, সেই সম্ভাবনা খুবই কম। তাই হেজ়লউডকে ছাড়াই বিশ্বকাপে নামছে অস্ট্রেলিয়া।

মিচেল স্টার্ক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। চোটের জন্য বিশ্বকাপে নেই প্যাট কামিন্সও। এ বার হেজ়লউডও ছিটকে যাওয়ায় প্রথম সারির তিন পেসারকেই পাবে না অস্ট্রেলিয়া। নেথান এলিস এবং বেন ডোয়ারশুইসের উপর ভরসা করছে তারা।

এ দিন অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডমেড বলেছেন, “আমরা ভেবেছিলাম সুপার এইটের সময় হেজ়লউড ফিট হয়ে যাবে। তবে এখন বোঝা যাচ্ছে, ফিট হতে আরও কিছুটা সময় লাগবে না। ওকে খেলালে সেটা ঝুঁকির হয়ে যাবে। এখনই কোনও পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করছি না। প্রথম দিকের ম্যাচগুলোর জন্য আমরা তৈরি। পরের দিকে কোনও ক্রিকেটার নেওয়া হতে পারে।”

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচ থাকলেও তা বাতিল হয়ে যায়। ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে ছ’দিন সময় থাকছে অস্ট্রেলিয়ার কাছে। গ্রুপের ম্যাচগুলি তারা খেলবে কলম্বো এবং পাল্লেকেলেতে।

উল্লেখ্য, গোড়ালির চোটে অ্যাশেজ়ে খেলতে পারেননি হেজ়লউড। এ বার বিশ্বকাপেও খেলা হচ্ছে না। অস্ট্রেলিয়ার হয়ে আর খেলতে পারবেন কি না, তা নিয়েই সংশয় তৈরি হয়েছে।

Advertisement
আরও পড়ুন