ODI Series

বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস! প্রথম বার অস্ট্রেলিয়াকে এক দিনের সিরিজ়ে হারালেন নাজমুলেরা, তিন উইকেটে নায়ক মুস্তাফিজুর

২০০৫ সালে কার্ডিফে প্রথম বার অস্ট্রেলিয়াকে এক দিনের ক্রিকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। এ বারে অস্ট্রেলিয়াকে প্রথম বার এক দিনের সিরিজ়ে হারিয়ে দিল তারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০০:৪৮
এ বারে অস্ট্রেলিয়াকে প্রথম বার এক দিনের সিরিজ়ে হারিয়ে দিল বাংলাদেশ।

এ বারে অস্ট্রেলিয়াকে প্রথম বার এক দিনের সিরিজ়ে হারিয়ে দিল বাংলাদেশ। ছবি: পিটিআই।

২০০৫ সালে কার্ডিফে প্রথম বার অস্ট্রেলিয়াকে এক দিনের ক্রিকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। এ বারে অস্ট্রেলিয়াকে প্রথম বার এক দিনের সিরিজ়ে হারিয়ে দিল তারা। বৃহস্পতিবার দ্বিতীয় একদিনের ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ পকেটে পুরেছে বাংলাদেশ।

Advertisement

বৃষ্টিতে প্রায় আড়াই ঘণ্টা খেলা বন্ধ ছিল। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান। ছ’ওভার বাকি থাকতে পাঁচ উইকেট হারিয়ে সেই রান তুলে দেয় বাংলাদেশ।

অস্ট্রেলিয়া শুরুটা হয়েছিল খুবই খারাপ ভাবে। কোনও রান হওয়ার আগেই তিনটি উইকেট হারায় তারা। ম্যাথু শর্ট, কুপার কনোলি এবং ম্যাট রেনশ কোনও রান করার আগেই সাজঘরে ফিরে যান। জশ ইংলিস (৩৪) এসে কিছুটা হাল ধরলেও বেশি ক্ষণ ক্রিজ়ে টিকতে পারেননি ৮১ রানের মধ্যে অস্ট্রেলিয়া।

সেখান থেকে দলের হাল ধরেন মার্নাস লাবুশেন এবং জেভিয়ার বার্টলেট। সপ্তম উইকেটে তাঁদের ১০৩ রানের জুটি অস্ট্রেলিয়াকে কিছুটা হলেও ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেয়। বার্টলেট ৫২ রান করেন। লাবুশেন অপরাজিত থাকেন ৫৫ রানে।

বাংলাদেশেরও শুরুটা ভাল হয়নি। তানজিদ হাসান তামিম (০) শুরুতেই ফিরে যান। সেখান থেকে দলের হাল ধরে নেন সৌম্য সরকার (৪২) এবং নাজমুল হোসেন শান্ত (৪১)। তাঁরা দ্বিতীয় উইকেটে ৮৬ রান যোগ করেন। এর পরে নিয়মিত ব্যবধানে বেশ কিছু উইকেট হারালেও বাংলাদেশের জিততে অসুবিধা হয়নি। শান্ত ঠান্ডা মাথায় রান তাড়া করেছেন। যোগ্য সঙ্গত দিয়েছেন সৌম্য।

একটি নাটকীয় মুহূর্তও তৈরি হয়েছে ম্যাচে। নেথান এলিসের একটি বল মেহেদি হাসানের হেলমেটে লাগে। তিনি বসে পড়েন এবং বমি করেন। তাঁকে নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচার আনা হলেও তিনি যাননি। খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। জয়ের রান আসে তাঁর ব্যাট থেকেই। ম্যাচের পর শান্ত জানিয়েছেন, মেহেদিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পর্যবেক্ষণের জন্য।

Advertisement
আরও পড়ুন