ICC T20 World Cup 2026

অন্য কর্তারা অন্ধকারে, নকভির সঙ্গে বৈঠক করতে রাত ১টায় পাকিস্তান সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল!

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা করতে শনিবার মধ্যরাতে ঢাকা থেকে লাহৌরের বিমানে উঠেছিলেন বিসিবি সভাপতি। বিমান ছাড়ার আগে মেসেজ করে পাকিস্তান সফরে যাওয়ার কথা জানান সতীর্থদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১২
picture of cricket

আমিনুল ইসলাম। —ফাইল চিত্র।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে বৈঠক করতে রবিবার সকালে লাহৌরে পৌঁছোন আমিনুল ইসলাম। শনিবার গভীর রাতে ঢাকা থেকে লাহৌরের বিমানে উঠেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। তাঁর এই পাকিস্তান সফর নিয়ে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন বিসিবির অন্য কর্তারা।

Advertisement

পাকিস্তান সফরের কথা সহকর্মীদেরও জানাননি বিসিবি সভাপতি। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাত ১টায় লাহৌরগামী বিমানে দেশ ছাড়েন আমিনুল। তখন বিসিবির ডিরেক্টরদের অধিকাংশই ঘুমিয়ে পড়েছিলেন। বিমান ছাড়ার আগে বিসিবি ডিরেক্টরদের হোয়াটস্‌অ্যাপ গ্রুপে আমিনুল লেখেন, ‘‘বৈঠকের মাত্র ৯০ মিনিট আগে সফর চূড়ান্ত হয়েছে। আমি এখন বিমানবন্দরে। হাতে সময় খুব কম থাকায় কাউকে ফোন করতে পারিনি। ৮ ফেব্রুয়ারি বিকাল ৪টেয় লাহৌরে বৈঠক হবে। ৯ ফেব্রুয়ারি বিকালে দেশে ফিরব।’’ হঠাৎ কেন পাকিস্তানে যাচ্ছেন, তা বিসিবির অন্য ডিরেক্টরদের জানাননি বিসিবি সভাপতি।

আমিনুলের এমন গোপনীয়তায় অসন্তুষ্ট বিসিবি ডিরেক্টরদের একাংশ। তাঁদের এক জন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ‘‘আমি ততটাই জানি, যতটা আপনারা জানেন। বিসিবি সভাপতি লাহৌর গিয়েছেন। কেন জানি না। আমিনুল ফিরে এসে জানালে বিস্তারিত জানতে পারব।’’

পাকিস্তানে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠক করা ছাড়াও নকভির সঙ্গে আলাদা বৈঠক করেছেন বিসিবি সভাপতি। আইসিসির সঙ্গে বৈঠকে পিসিবি এবং বিসিবি কয়েকটি শর্ত দিয়েছে। আইসিসি সেই সব শর্ত মানলে তবেই পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন