T20 World Cup 2024

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা কবে? জানা গেল সম্ভাব্য তারিখ

আইপিএল শেষ হলেই শুরু হবে বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। আইপিএলের মাঝেই ভারতীয় বোর্ডকে দল ঘোষণা করতে হবে। কবে সেই ঘোষণা হবে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ০৯:৫১
cricket

ভারতের টি-টোয়েন্টি দল। — ফাইল চিত্র।

আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে বিশ্বকাপ। ২ জুন আমেরিকা এবং কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে এই প্রতিযোগিতা। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু আইপিএল শেষ হওয়ার পর দল ঘোষণার সুযোগ নেই। তাই আইপিএলের মাঝেই ভারতীয় বোর্ডকে দল ঘোষণা করতে হবে। সূত্রের খবর, এপ্রিলের শেষ দিক বা ১ মে ভারতের দল ঘোষণা করা হতে পারে।

Advertisement

আইপিএলের ফাইনাল ২৬ মে। কিন্তু বিশ্বকাপের জন্য সব দেশকে ১ মে-র মধ্যে দল ঘোষণা করে দিতে হবে। সেই দলে কেউ চোট-আঘাত বা অন্য কোনও কারণে খেলতে না পারলে তাঁকে পরিবর্তন করা যাবে ২৫ মে পর্যন্ত। এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১ মে, অর্থাৎ শেষ দিনই ভারতের দল জানানো হবে। আবার কেউ কেউ দাবি করেছেন, এপ্রিলের শেষ দিকেও দল ঘোষণা হতে পারে।

দল ঘোষণার আগে বেশ কিছু জল্পনা রয়েছে। প্রথম জল্পনা হল, বিরাট কোহলি সেই দলে সুযোগ পাবেন কি না। আইপিএলের শুরুতেই তিনি দু’টি অর্ধশতরান এবং একটি শতরান করে যে রকম ফর্মে রয়েছেন, তাতে কোহলিকে বাদ দেওয়া অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। সমস্যা রয়েছে শুধু কোহলির স্ট্রাইক রেট নিয়ে। কোহলি নিজে জানিয়েছেন, বোঝা কাঁধে নিয়ে খেলতে নামেন না। যেমন পিচ তেমন ভাবেই খেলবেন।

দ্বিতীয় জল্পনা ঋষভ পন্থকে নিয়ে। গাড়ি দুর্ঘটনার পর তিনি আইপিএলে ফিরেছেন। প্রতিটি ম্যাচে খেলেছেন এবং দু’টি অর্ধশতরান করেছেন। দলের পারফরম্যান্স ভাল না হলেও পন্থ বুঝিয়ে দিয়েছেন তিনি ফিট। নিয়মিত উইকেটকিপিংও করছেন। এ বার দেখার, তাঁকে দলে রাখা হয় কি না।

Advertisement
আরও পড়ুন