ব্লেসিং মুজ়ারাবানি। —ফাইল চিত্র।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে আসায় ব্লেসিং মুজ়ারাবানিকে দু’বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়ালেন কলকাতা নাইট রাইডার্সের জোরে বোলারের এজেন্ট। পিসিবির চুক্তিভঙ্গের অভিযোগ উড়িয়ে দিয়েছে ওয়ার্ল্ড স্পোর্টস এক্সচেঞ্জ।
মুজ়ারাবানির এজেন্ট জানিয়েছে, পিএসএলের চুক্তিভঙ্গের কোনও ঘটনাই ঘটেনি। কারণ জ়িম্বাবোয়ের জোরে বোলারের সঙ্গে পিসিবি কোনও চুক্তিই করেনি। সমাজমাধ্যমে পোস্ট করে বলা হয়েছে, ‘‘গত ছয় সপ্তাহ আমরা চুপ ছিলাম। কারণ আমরা কারও সঙ্গে শত্রুতা করতে চাইনি। অথচ ব্যাপক এবং জঘন্য ধরনের সমালোচনা করা হচ্ছে।’’
সংস্থাটি জানিয়েছে, ইসলামাবাদ ইউনাইটেড প্রস্তাব দিয়েছিল মুজ়ারাবানিকে। কথাবার্তা কিছুটা এগিয়েছিল। তাদের জানানো হয়েছিল, জ়িম্বাবোয়ের অনাপত্তিপত্র দিলে তবেই মুজ়ারাবানি পিএসএলে খেলতে পারবে। তারা বলেছে, ‘‘অনাপত্তিপত্রের আবেদন করার জন্য চুক্তিপত্রের প্রয়োজন হয়। পিএসএল আমাদের কোনও চুক্তিপত্র পাঠায়নি। তার আগেই সমাজমাধ্যমে চুক্তি সইয়ের ঘোষণা করে দেওয়া হয়।’’
ওয়ার্ল্ড স্পোর্টস এক্সচেঞ্জের অভিযোগ, ‘‘সমাজমাধ্যমে ঘোষণার দু’সপ্তাহ পরেও কোনও চুক্তিপত্র পাঠানো হয়নি। শুধু তাই নয়, আজ পর্যন্ত ইসলামাবাদ বা পিএসএলের পক্ষ থেকে কোনও চুক্তিপত্র আসেনি। আমরা অপেক্ষা করেছি। তার মধ্যেই কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে প্রস্তাব আসে। পেশাদারিত্বের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হয়।’’
পিসিবির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে বলা হয়েছে, ‘‘আমরা মনে করি, পিএসএল একটু বাড়াবাড়িই করেছে নিষিদ্ধ করে। অতীতে যাঁরা চুক্তিভঙ্গ করেছেন, তাঁদের সঙ্গে মুজ়ারাবানির বিষয়টির কোনও মিল নেই। এই শাস্তির কোনও যুক্তি নেই। আমরা এখনও পিএসএল কর্তৃপক্ষকে অনুরোধ করব, মুজ়ারাবানির শাস্তি প্রত্যাহার করা হোক। বিষয়টি উপলব্ধি করুক। তাঁদের দিক থেকেই প্রশাসনিক গাফিলতি হয়েছে।’’
ইসলামাবাদ মুজ়ারাবানিকে পাকিস্তানের ১ কোটি ১০ লাখ টাকার (ভারতীয় মূল্যে প্রায় ৩৭ লাখ ৪০ হাজার টাকা) প্রস্তাব দিয়েছিল। কেকেআর জ়িম্বাবোয়ের জোরে বোলারকে দলে নিয়েছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের পরিবর্ত হিসাবে।