IPL 2026

চেন্নাইয়ের ‘সমস্যা’ ধোনি! দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না কোনও কোচ, মাহি থাকলে স্বাধীন ভাবে কাজ করা নিয়ে সংশয়

মহেন্দ্র সিংহ ধোনির প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হতে চাইছে চেন্নাই সুপার কিংস। মাহির উপস্থিতির জন্য কোনও কোচ দলের দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না। আবার কর্তারা প্রাক্তন অধিনায়ককে ছেঁটে ফেলতেও পারছেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১২:৩৬
picture of cricket

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

মহেন্দ্র সিংহ ধোনির অবদান চেন্নাই সুপার কিংসে কম নয়। চেন্নাই কর্তৃপক্ষ থেকে সমর্থকেরা একবাক্যে স্বীকার করেন এ কথা। অথচ সেই ধোনিই এখন চেন্নাইয়ের অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছেন! প্রাক্তন অধিনায়কের উপস্থিতির জন্যই নাকি কোচ পাচ্ছে না পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নেরা।

Advertisement

২০২৩ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা তিন বার আইপিএলের লিগ পর্ব থেকেই বিদায় নিল চেন্নাই। সাফল্যের খোঁজে কোচ পরিবর্তনের কথা ভাবছেন চেন্নাই কর্তৃপক্ষ। স্টিফেন ফ্লেমিংয়ের উপর তাঁরা আর আস্থা রাখতে পারছেন না। প্রথম দফায় ২০০৯ থেকে ২০১৫ এবং দ্বিতীয় দফায় ২০১৮ থেকে চেন্নাইয়ের কোচ ফ্লেমিং। দলকে অতীতে যথেষ্ট সাফল্য এনে দিলেও কয়েক মরসুম ধরে তিনি ব্যর্থ। গত মরসুমের আইপিএলে সকলের শেষে ছিল চেন্নাই। আইপিএলের ইতিহাসে সবচেয়ে খারাপ ফল করার পর কোচ পরিবর্তনের কথা ভাবেন সিএসকে কর্তৃপক্ষ।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথম সারির এক ভারতীয় কোচের সঙ্গে কথা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। চলতি মরসুম থেকে তাঁর দায়িত্ব নেওয়ার কথা ছিল। তার পরও তাঁকে অপেক্ষা করতে বলেন চেন্নাই কর্তৃপক্ষ। এক জন বিদেশি কোচের সঙ্গেও যোগাযোগ করেছিলেন কর্তারা। তিনি দলে ধোনির উপস্থিতি নিয়ে আপত্তি তোলেন। চেন্নাইয়ের কর্তাদের জানিয়ে দেন, যত দিন ধোনি দলে থাকবেন, তত দিন দায়িত্ব নিতে আগ্রহী নন।

চেন্নাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, দলে ধোনির প্রভাবের কথা ভেবে পিছিয়ে যাচ্ছেন অনেকে। স্বাধীন ভাবে কাজের পরিবেশ নিয়ে তাঁরা দ্বিধাগ্রস্ত। অনেকে মনে করছেন, ধোনি গোটা দলকে নিয়ন্ত্রণ করেন। কোচ হিসাবে স্বচ্ছন্দ হতে পারবেন না। টানা ব্যর্থতায় ফ্লেমিংও বেশ চাপে রয়েছেন। নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে নিয়ে চেন্নাই কর্তৃপক্ষ শ্রদ্ধাশীল হলেও তাঁরা পরিবর্তনের পক্ষে। কর্তারা মনে করছেন, এ বার পরিবর্তন প্রয়োজন। কোনও কিছু দীর্ঘ দিন চললে নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। কিন্তু ধোনির উপস্থিতির জন্যই তাঁকে বদলানো সম্ভব হচ্ছে না। কর্তারা মনে করছেন, নতুন কোচ নিয়োগ করতে হলে ধোনিকে ছাড়া ভাবতে হবে।

এখন আর দলের পরিকল্পনা বা কৌশল তৈরিতে ধোনি থাকেন না। দল পরিচালনা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কিন্তু তাঁর উপস্থিতি বা ছোট মন্তব্যই অনেক কিছুতে প্রভাব ফেলে। ধোনি কত দিন খেলবেন, তা তিনিই জানেন। একাধিক বার বলেছেন, নিজের শর্তে অবসর নেবেন। কারও কথায় নয়। যা চেন্নাই কর্তৃপক্ষের সমস্যা আরও বাড়িয়েছে। কারণ, ধোনিকে ছাঁটাই করলে মেনে নেবেন না সমর্থকেরা। ধোনির জনপ্রিয়তার কথা ভেবে কড়া পদক্ষেপ করা কঠিন হচ্ছে।

এ মরসুমে ধোনিকে একটাও ম্যাচ খেলায়নি চেন্নাই। মরসুমের শুরুর দিকে তাঁর পায়ের পেশিতে চোট ছিল। পরে চোট সারিয়ে পুরোদমে অনুশীলন করলেও ধোনিকে খেলানো হয়নি দলের ভারসাম্যকে গুরুত্ব দিয়ে। গোটা মরসুম বসিয়ে রাখা হলেও অবসরের ইঙ্গিত দেননি ধোনি। প্রাক্তন অধিনায়ককে সম্ভবত এ ভাবে বার্তা দিতে চেয়েছেন চেন্নাইয়ের কর্তারা।

Advertisement
আরও পড়ুন