ICC T20 World Cup 2026

বিশ্বকাপে বিতর্ক, বাঁশি নিয়ে যাওয়ায় দর্শকদের ঢুকতে দেওয়া হল না মাঠে, নেপথ্যে রাজনীতি? উঠছে প্রশ্ন

বিশ্বকাপের মাঝে বিতর্ক চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে। বাঁশি নিয়ে যাওয়ায় বেশ কিছু দর্শককে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০১
cricket

নিউ জ়িল্যান্ড-আফগানিস্তান ম্যাচে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামের গ্যালারি। ছবি: পিটিআই।

ক্রিকেটের মধ্যে কি আবার রাজনীতি ঢুকে পড়ল? টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় দিন বিতর্ক চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে। বাঁশি নিয়ে যাওয়ায় বেশ কিছু দর্শককে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। দর্শকদের ক্ষোভের মুখে সাফাই দিয়েছে পুলিশ।

Advertisement

রবিবার চেন্নাইয়ের মাঠে নিউ জ়িল্যান্ড বনাম আফগানিস্তাম ম্যাচ ছিল। ভারতের খেলা না থাকলেও ভিড় খারাপ হয়নি। দলে দলের দর্শকেরা ভিড় জমাচ্ছিলেন মাঠে। তাঁদের অনেকের মুখেই ছিল বাঁশি। কিন্তু স্টেডিয়ামের সামনে চমক অপেক্ষা করছিল। যাঁদের কাছে বাঁশি ছিল, তাঁদের মাঠে ঢুকতে দেওয়া হয়নি। জানা গিয়েছে, কেউ কেউ বাঁশি ফেলে মাঠে ঢুকেছেন। আবার অনেকে বাড়ি ফিরে গিয়েছেন।

অথচ, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে দর্শকেরা বাঁশি বাজ়াবেন, এটাই তো স্বাভাবিক ঘটনা। আইপিএলে চেন্নাই সুপার কিংসের স্লোগানই তো ‘হুইসল পোড়ু’, অর্থাৎ, বাঁশি বাজাও। মহেন্দ্র সিংহ ধোনিদের সেই মাঠেই বাঁশি নিয়ে ঢুকতে দেওযা হল না দর্শকদের।

এই ঘটনার সমাজমাধ্যম তোলপাড়। সকলে প্রশ্ন তুলেছেন, কেন এই সিদ্ধান্ত। ভারতে ক্রিকেট মাঠে সাধারণত খাবার, বড় ব্যাগ, দাহ্য পদার্থ, মদ, ক্যামেরা, জলের বোতল নিয়ে ঢুকতে দেওয়া হয় না। সেখানে বাঁশি নিয়ে কেন ঢুকতে দেওয়া হল না চেন্নাইয়ের মাঠে? আগে থেকে এই বিষয়ে পুলিশ বা প্রশাসনও কিছু বলেনি। তা হলে কেন এই সিদ্ধান্ত?

বিতর্কের মাঝে সাফাই দিয়েছে পুলিশ। চেন্নাই পুলিশের এক কর্তা জানিয়েছেন, বাঁশি নিয়ে ঢোকা যাবে না, এমন কোনও নির্দেশ ছিল না। কিন্তু মাঠে যে পুলিশকর্মীরা ছিলেন, তাঁদের মধ্যে কোনও কারণে ধন্দ তৈরি হয়। সেখান থেকেই এই ঘটনা ঘটেছে।

পুলিশ যা-ই বলুক, এর নেপথ্যে রাজনীতি দেখছেন অনেকে। সামনেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। বর্তমান মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনে ডিএমকে-র বিরুদ্ধে সরাসরি লড়াই দক্ষিণী তারকা থলপতি বিজয়ের দল টিভিকে-র। বিজয়ের দলের নির্বাচনী প্রতীক বাঁশি। বিজয়ের সমর্থকেরাও বাঁশি বাজিয়ে নিজেদের প্রিয় তারকার প্রচার করছেন। তাঁর শেষ ছবি ‘গোট’-এও ‘হুইসল পোড়ু’ নামের একটি গান ছিল। সেই কারণেই কি বিশ্বকাপের ম্যাচে বাঁশি নিয়ে ঢুকতে দেয়নি স্ট্যালিনের পুলিশ? মাঠে যাতে বিজয়ের দলের প্রচার না হয়, সেই কারণেই কি এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি? সেই অভিযোগই তুলেছেন অনেকে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তামিলনাড়ু সরকার বা ভারতীয় ক্রিকেট বোর্ড কিছু বলেনি।

Advertisement
আরও পড়ুন