Pakistan Super League

পাকিস্তানের ঘরোয়া লিগ শুরুর আগেই সমস্যা, দলমালিকদের মধ্যে ঝামেলা, অভিযোগ লিগের কর্তার কাছে

পাকিস্তান সুপার লিগ শুরু হতে এখনও বেশ কিছু দিন বাকি। তার আগেই ঝামেলা শুরু হয়ে গেল দলমালিকদের মধ্যে। এক মালিক বিভিন্ন ঘটনার প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন মুখ্যকর্তা সলমন নাসিরের কাছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৭
cricket

পাকিস্তান সুপার লিগের ট্রফি। — ফাইল চিত্র।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হতে এখনও বেশ কিছু দিন বাকি। তার আগেই ঝামেলা শুরু হয়ে গেল দলমালিকদের মধ্যে। অন্তত দু’জন মালিক বিভিন্ন ঘটনার প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন লিগের মুখ্যকর্তা সলমন নাসিরের কাছে। তার মধ্যে একটি দলকে সম্প্রতি নেওয়া হয়েছে লিগে। সেটি হল শিয়ালকোট, যারা বিক্রি হয়েছে ১৮৫ কোটি পাকিস্তানি রুপিতে।

Advertisement

সূত্রের খবর, শিয়ালকোটের অন্যতম মালিক মহম্মদ শাহিদ চিঠি লিখেছেন সলমনকে। তিনি জানিয়েছেন, দলের ৭৬ শতাংশ মালিকানা তাঁর। কিন্তু তাঁর সহ-মালিকেরা তাঁকে না জানিয়েই বাকিদের কাছে দলের শেয়ার বিক্রি করার চেষ্টা করছেন। শাহিদের আরও অভিযোগ, তাঁকে না জানিয়েই বিভিন্ন চুক্তি সই করার চেষ্টা চলছে। পাশাপাশি, ওই মালিকদের হাতে যে শেয়ার রয়েছে, তার থেকে বেশি শেয়ার বিক্রি করার চেষ্টা করা হচ্ছে।

সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন শাহিদ। জানিয়েছেন, তার পিছনে চুক্তি সই করে অনেকেই নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছেন। শিয়ালকোট দলের সঙ্গে যুক্ত কামিল খান, যিনি আবার পাকিস্তানের এক প্রাক্তন অধিনায়কের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। তবে তিনি ঝামেলার মধ্যে জড়িত নয় বলে জানা যাচ্ছে।

আরও একটি খবর প্রকাশ্যে এসেছে। লাহৌর কলন্দর্স দলের আসল মালিক ফওয়াদ রানা অভিযোগ করেছেন নাসিরের কাছে। আদালতের তথ্য থেকে জানা গিয়েছে, রানা জানিয়েছেন, দুই ভাই তাঁকে না জানিয়েই সংস্থার শেয়ার বিক্রি করে দিয়েছেন। সম্প্রতি আদালতও ফওয়াদের পক্ষে রায় দিয়েছে। দুই ভাই আতিফ রানা এবং সমীর রানার বিরুদ্ধে মামলা করেছিলেন ফওয়াদ। আদালতের রায় পিএসএলকে চিঠি লিখে জানিয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন