Tilak Varma

অস্ত্রোপচারের পর বার্তা তিলকের, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই মাঠে ফিরতে পারেন অলরাউন্ডার

বিজয় হজারে ট্রফি খেলার মাঝে অসুস্থ হয়ে পড়েন তিলক বর্মা। তাঁর ‘টেস্টিকুলার টরশন’-এর সমস্যা ধরা পড়ে। বিসিসিআইয়ের চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাঁর অস্ত্রোপচার করানো হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১২:১১
picture of cricket

তিলক বর্মা। —ফাইল চিত্র।

অস্ত্রেপচারের পর ভক্তদের আশ্বস্ত করলেন তিলক বর্মা। গত বুধবার তলপেটে তীব্র ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করানো হয় তিলককে। ‘টেস্টিকুলার টরশন’-এর কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার হয়েছে অলরাউন্ডারের তলপেটে।

Advertisement

অসুস্থতার জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে তিলকের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবেন না তিনি। যদিও তাঁর পরিবর্ত হিসাবে কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি। তিলক ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করেছেন। সমাজমাধ্যমে নিজের একটি হাসিমুখের ছবি দিয়েছেন। ছবিতে হাতের আঙুল দিয়ে ‘ভি’ বা ‘ভিকট্রি’ দেখাচ্ছেন। সঙ্গে তিনি লিখেছেন, ‘‘আপনাদের অফুরন্ত ভালবাসার জন্য ধন্যবাদ। আমি সেরে উঠছি। আপনাদের ধারণার থেকেও দ্রুত মাঠে ফিরবই।’’ তিলক সম্ভবত বোঝাতে চেয়েছেন নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের মাঝেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। বিশ্বকাপও খেলতে পারবেন।

‘টেস্টিকুলার টরশন’-এর ফলে অণ্ডকোষে রক্তের প্রবাহ বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার না করলে অণ্ডকোষ বাঁচানো সম্ভব নয়। সে কারণেই দ্রুত অস্ত্রোপচার করা হয়েছে তিলকের। বিসিসিআই জানিয়েছে, তিলক স্থিতিশীল রয়েছেন। শুক্রবার রাজকোট থেকে হায়দরাবাদে ফিরবেন। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর শুরু হবে তাঁর রিহ্যাব পর্ব। তার পর অনুশীলন শুরু করবেন। বোর্ডের মেডিক্যাল টিম সব খতিয়ে দেখার পর তাঁকে ম্যাচে ফেরার অনুমতি দেবে।

হায়দরাবাদের হয়ে বিজয় হজারে ট্রফি খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিলক। তাঁকে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, তার মধ্যে তিনি আবার খেলার মতো জায়গায় পৌঁছে যাবেন।

Advertisement
আরও পড়ুন