IPL 2025

কোহলিদের ছকে আইপিএলে লড়াইয়ে ফিরতে চাইছেন ধোনিরা, প্লে-অফে জায়গা পাবে চেন্নাই?

চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের চোট। সেই কারণে প্রতিযোগিতার মাঝপথে নেতৃত্বে ফিরেছেন মহেন্দ্র সিংহ ধোনি। তাতেও দলের ভাগ্য বদল হয়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ২২:১৭
Virat Kohli and MS Dhoni

বিরাট কোহলির সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

এ বারের আইপিএলে লিগ তালিকায় সকলের নীচে চেন্নাই সুপার কিংস। সেখান থেকে ঘুরে দাঁড়াতে চাইছে দল। তার জন্য গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরিকল্পনা ধার করতে চাইছে চেন্নাই।

Advertisement

চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের চোট। সেই কারণে প্রতিযোগিতার মাঝপথে নেতৃত্বে ফিরেছেন মহেন্দ্র সিংহ ধোনি। তাতেও দলের ভাগ্য বদল হয়নি। ধোনি নিজেও এ বারের আইপিএলের থেকে পরের মরসুম নিয়ে ভাবার দিকে মন দেওয়ার কথা বলেছিলেন। তবে কোচ স্টিফেন ফ্লেমিং আশা ছাড়ছেন না। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শুক্রবার খেলতে নামার আগে তিনি বলেন, “আমরা বাকি ছ’টি ম্যাচের ছ’টিই জিততে চাই। অনেকেই হয়তো এই কথা শুনে হাসবেন। গত বার আরসিবি করে দেখিয়েছিল, আমরা সেই পথে হাঁটতে চাই। দলের সেরা খেলোয়াড়দেরই নামানো হবে। আমরা চেষ্টা করব। তার পরও যদি না হয়, দেখব যাতে খারাপ মরসুম থেকেও কিছু ইতিবাচক দিক নিয়ে ফিরতে।”

২০২২ সালে নবম স্থানে শেষ করেছিল চেন্নাই। পরের বছর ট্রফি জিতেছিল তারা। সেই কথা মনে করিয়ে দিয়েছেন ফ্লেমিং। তিনি বলেন, “এর আগেও আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। লিগ তালিকায় নীচে শেষ করেছি। পরের বছর আবার ট্রফিও জিতেছি। আমরা জানি দলে কী প্রয়োজন। জানি কী ভাবে এগোতে হবে।”

এ বারের আইপিএলে আটটি ম্যাচ খেলে মাত্র দু’টিতে জিতেছে চেন্নাই। শুক্রবার তারা খেলতে নামবে হায়দরাবাদের বিরুদ্ধে। তারাও আটটি ম্যাচের মধ্যে দু’টিতে জিতেছে। ঘরের মাঠে চেন্নাই তাদের হারিয়ে ঘুরে দাঁড়াতে পারে কি না, সেই দিকেই নজর থাকবে সকলের।

Advertisement
আরও পড়ুন