আউট হয়ে হতাশ দিল্লি ক্যাপিটালসের লোকেশ রাহুল। ছবি: পিটিআই।
লজ্জার হার হজম করা মুশকিল হচ্ছে দিল্লি ক্যাপিটালসের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় হয়েছএ অক্ষর পটেলদের। মাত্র ৭৫ রানে অল আউট হয়ে গিয়েছে তারা। হারতে হয়েছে ৯ উইকেটে। বিরাট কোহলিদের কাছে হারের পর দলকে বার্তা পাঠিয়েছেন দিল্লির মালিক পার্থ জিন্দল।
সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন পার্থ। সেখানে তিনি লিখেছেন, “এখন আরও বেশি কাথাকাছি থাকতে হবে। এক হয়ে খেলতে হবে। জানি খুব কঠিন সময়। কিন্তু নিজেদের উপর বিশ্বাস রেখে আমাদের লড়তে হবে।” অক্ষরদের একটি দল হিসাবে খেলার বার্তা পাঠিয়েছেন পার্থ। এই একই কথা শোনা গিয়েছে অক্ষরের গলাতেও।
বেঙ্গালুরুর কাছে হেরে হতবাক অক্ষর। খেলা শেষে তিনি বলেন, “কী হল কিছুই বুঝতে পারলাম না। মাথায় কিছু ঢুকছে না। বুঝতে পারছি, যত তাড়াতাড়ি সম্ভব এই হারগুলো মাথা থেকে বার করে দিতে হবে।”
দিল্লির ক্রিকেটারেরা কি হালকা ভাবে নিচ্ছেন প্রতিপক্ষকে? তার খেসারত দিতে হচ্ছে। তেমনটাই ইঙ্গিত অক্ষরের কথায়। তিনি বলেন, “আমাদের এগিয়ে যেতে হবে। পঞ্জাবের বিরুদ্ধে একটা ক্যাচ ধরতে পারলে বা গুজরাতের বিরুদ্ধে একটা রান করতে পারলে পরিস্থিতি কী হত, তা ভাবলে চলবে না। প্রতিটা ম্যাচে লড়তে হবে। আইপিএলে সহজে জেতা যায় না। এটা খুব কঠিন প্রতিযোগিতা। প্রতিপক্ষকে হালকা ভাবে নিলে হবে না। অতীত ভুলে সামনের দিকে এগোতে হবে।”
আইপিএলের শুরুটা বেশ ভাল করেছিল দিল্লি। পর পর দু’ম্যাচ জিতেছিল তারা। পরের ছ’টি ম্যাচের মধ্যে পাঁচটি হেরেছেন অক্ষরেরা। আট ম্যাচের মধ্যে তিনটি জিতে পয়েন্ট তালিকায় সাত নম্বরে দিল্লি। এই পরিস্থিতিতে দলকে ইতিবাচক থাকার পরামর্শ দিয়েছেন অক্ষর। তিনি বলেন, “নেতিবাচক মানসিকতা নিয়ে এগোনো যাবে না। আমাদের ইতিবাচক থাকতে হবে। হারের কথা ভুলে নতুন করে লড়াইয়ে নামতে হবে।”
সোমবার ঘরের মাঠে ব্যাট করতে নেমে ৪ ওভারের মধ্যে ৮ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল দিল্লির। সেখান থেকে অভিষেক পোড়েল, ডেভিড মিলার ও কাইল জেমিসনের ব্যাটে কোনও রকমে সর্বনিম্ন রানে অল আউট হয়ে যাওয়ার লজ্জা কাটায় দিল্লি। ১৬.৩ ওভারে ৭৫ রানে অল আউট হয়ে যায় তারা। জশ হেজ়লউড ১২ রানে ৪ ও ভুবনেশ্বর কুমার ৫ রানে ৩ উইকেট নেন। রান তাড়া করতে বেশি সমস্যা হয়নি বেঙ্গালরুর। ৬.৩ ওভারে ৯ উইকেটে ম্যাচ জিতে যান কোহলিরা।