IPL 2026

কেরিয়ার বদলে দিয়েছেন দ্রাবিড়! আইপিএল শুরুর দু’দিন আগে পিটারসেন জানালেন কেন ভারতের কোটিপতি লিগই সেরা

২৮ মার্চ থেকে শুরু আইপিএল। তার আগে দিল্লি ক্যাপিটালসের সাপোর্ট স্টাফের দায়িত্ব ছেড়েছেন কেভিন পিটারসেন। ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৯:০১
cricket

কেভিন পিটারসেন। —ফাইল চিত্র।

দু’দিন পরেই শুরু আইপিএল। তার আগে কেভিন পিটারসেন জানিয়ে দিলেন, এই প্রতিযোগিতা কী ভাবে তাঁর জীবন বদলে দিয়েছে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কৃতিত্ব দিয়েছেন ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কে। ইংল্যান্ডের ক্রিকেটার জস বাটলারের পডকাস্ট ‘ফর দ্য লাভ অফ ক্রিকেট’-এ তিনি স্পষ্ট জানিয়েছেন, আইপিএলই সেরা লিগ।

Advertisement

আইপিএল বদলে দিয়েছে কেরিয়ার

২০০৯ ও ২০১০ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ছিলেন পিটারসেন। সেই সময় দ্রাবিড়র সঙ্গে অনেক সময় কাটান তিনি। সেই সময় বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে বার বার সমস্যায় পড়তেন পিটারসেন। তাঁর সেই দুর্বলতা ঢেকে দেন দ্রাবিড়।

কঠিন সময়ে দ্রাবিড়ের কাছে সাহায্য চান পিটারসেন। দ্রাবিড় তাঁকে হতাশ করেননি। পিটারসেন বলেন, “বাঁহাতি স্পিনের বিরুদ্ধে যখন সমস্যা হচ্ছিল, সেই সময় দ্রাবিড়ের সঙ্গে সম্পর্ক এবং ওর সাহায্য নেওয়া আমার কেরিয়ার বদলে দিয়েছিল। তত ক্ষণে ডিআরএস এসে গিয়েছিল। আমি সামনের পায়ে খেলতাম। ফলে প্রায় ১২ মাস সমস্যায় পড়েছিলাম। সেই সময় দ্রাবিড়কে ফোন করে বলেছিলাম, ‘তোমার সাহায্য লাগবে।’”

তাঁকে ইমেলে বিস্তারিত সমাধান দিয়েছিলেন দ্রাবিড়। পিটারসেন বলেন, “ও আমাকে যে ইমেল পাঠিয়েছিল, তা এক কথায় অসাধারণ। ও সত্যিই কিংবদন্তি। আমি আরও এক বার দ্রাবিড়কে ধন্যবাদ দেব। আমার কেরিয়ার বদলে দিয়েছে ও।”

সন্তানেরা টেস্ট দেখে না, আইপিএল দেখে

বর্তমানে ক্রিকেটবিশ্বে আইপিএলের কতটা প্রভাব, তা ব্যাখ্যা করেছেন পিটারসেন। তাঁর মতে, ক্রিকেটারেরা টাকা পান। তাতে ক্ষতির তো কিছু নেই। পিটারসেন বলেন, “ক্রিকেটে টাকা নিয়ে অনেক কথা হয়। অনেকে বাঁকা চোখে দেখে। কিন্তু টাকা তো দরকার। আমি তো ব্যবসায়ী। তুমিও (বাটলারের দিকে তাকিয়ে) তো ব্যবসায়ী। এটা শুনতে হয়তো ভাল লাগবে না। কিন্তু এটাই সত্যি।”

পিটারসেন জানিয়েছেন, আইপিএল নিয়ে আগ্রহ বিশ্বের সব দলে রয়েছে। আর কোনও লিগ নিয়ে এই আগ্রহ নেই। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার বলেন, “সব দলের সাজঘরে আইপিএলের নিলাম হলে কথা হয়। এটাই স্বাভাবিক। আমার তো আফসোস হয়, এখন খেলি না। খেললে অনেক বেশি টাকা কামাতাম। আমার দুই সন্তান টেস্টের একটা বলও দেখে না। কিন্তু আইপিএল দেখে।”

সমালোচকেরাও জানত, আমিই ঠিক

আইপিএল খেলার জন্য জাতীয় দলকে অবহেলা করেছিলেন পিটারসেন। সেই সময় তাঁর কম সমালোচনা হয়নি। যদিও তিনি জানতেন, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। পিটারসেন বলেন, “দেশের হয়ে খেলা ছেড়ে যখন আরসিবিতে গিয়েছিলাম, সকলে বলেছিল, পিটারসেন টাকার পিছনে ছুটছে। আমি নিশ্চিত, যারা সেই সময় আমার সমালোচনা করেছিল, তারাও জানত আমিই ঠিক। কালিসকে চোখের সামনে অনুশীলন করতে দেখেছি। উহ! আমাকে কেউ ৫০ হাজার ডলার দিয়ে যদি সৌদির লিগে খেলতে বলে তো খেলব। এতে তো খারাপ কিছু নেই।”

Advertisement
আরও পড়ুন