গুজরাত-বেঙ্গালুরু ম্যাচের একটি মুহূর্ত। ছবি: পিটিআই।
আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গালুরুর কাছে উড়ে গিয়েছে গুজরাত। ব্যাটিং এবং ফিল্ডিংয়ে ব্যর্থতার কারণে হারতে হয়েছে তাদের। ম্যাচের পর কড়া কড়া প্রশ্নে মেজাজ হারালেন দলের ক্রিকেটার গ্লেন ফিলিপস। এক সাংবাদিকের করা প্রশ্নকে ‘খুব খারাপ’ বলে বর্ণনা করেছেন তিনি।
গুজরাতের হারের পর এক সাংবাদিক ফিলিপসকে প্রশ্ন করেছিলেন, তাঁর দল রান তাড়া করতে নামার আগেই হার স্বীকার করে নিয়েছিল কি না। ফিলিপস রেগে গিয়ে বলেন, “খুব বোকার মতো প্রশ্ন। কেউ এটা ভেবে নামে না যে, ‘আজকের রান তোলা খুব কঠিন। তাই ম্যাচটা ছেড়ে দেব’। পেশাদার ক্রিকেটার হিসাবে কেনই বা সে কাজ আমরা করব? ভয়ঙ্কর খারাপ একটা প্রশ্ন করেছেন। আমরা মাঠে নেমে সেরাটা দিয়েছি। দুর্ভাগ্যবশত ২৫০ রান তাড়া করতে নামলে সব কিছু ঠিকঠাক করতে হয়। আমরা সেটারই চেষ্টা করেছিলাম। কিন্তু পারিনি।”
২৫৫ রান তাড়া করতে নেমে ১৬২ রানে শেষ হয়ে যায় গুজরাত। শুভমন গিল, সাই সুদর্শন এবং জস বাটলার— তিন প্রধান ব্যাটারই খেলতে পারেননি। ফিলিপসের কথায়, “২৫০ রান তাড়া করতে নামলে যে কোনও দলই চাপে থাকবে। খুব কম দলই এই কাজ করে দেখিয়েছে। পঞ্জাব দু’বার করেছে। নিঃসন্দেহে অবিশ্বাস্য কীর্তি। খুব সহজ ভাবে ওরা রান তাড়া করে জিতেছিল। কিন্তু আমি এখনও এমন কোনও দলে খেলিনি, যারা টি-টোয়েন্টিতে ২৫০ রান তাড়া করে জিতেছে।”